কলকাতা: ডুরান্ড কাপের দামামা বেজে গেল। বৃহস্পতিবার কলকাতার ফোর্ট উইলিয়ামে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, ইস্টার্ন কমান্ডের চিফ স্টাফ আরসি শ্রীকান্ত। ২৭ জুলাই মোহনবাগান সুপার জায়েন্ট বনাম ডাউনটাউন হিরোজ ম্যাচ দিয়ে ১৩৩তম ডুরান্ড কাপের সূচনা হবে।
এবারের ডুরান্ড কাপে তিন প্রধানকে ফ্রি টিকিট দেবে ডুরান্ড কর্তৃপক্ষ। কলকাতা ডার্বিতে দুই দলকে ৫০০০ করে টিকিট দেওয়া হবে। মহমেডানকে ২৫০টি টিকিট দেওয়া হবে। মহমেডান-ইস্টবেঙ্গল বা মহমেডান-মোহনবাগান ম্যাচের ক্ষেত্রে মহমেডানকেও ৫০০০ টিকিট দেওয়া হবে। আইএফএ-কে দেওয়া হবে ১২০০ টিকিট। সাধারণ ম্যাচে অংশগ্রহণকারী দলকে ৫০০০টি টিকিট দেওয়া হবে। তবে কিশোর ভারতীতে খেলা হলে সেক্ষেত্রে ২০০০ টিকিট দেওয়া হবে। ডুরান্ডের টিকিট অফলাইন ও অনলাইন দুইভাবেই বিক্রি করা হবে।


ইস্টার্ন কমান্ডের প্রধান শ্রীকান্ত বলেছেন, ‘এশিয়ার সবচেয়ে প্রাচীন প্রতিযোগিতার একটা ঐতিহ্য রয়েছে। এখানে সুনীল ছেত্রীর মতো কিংবদন্তি খেলোয়াড়রা খেলেছেন। এবারের প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করছে। তারমধ্যে একটা বিদেশি দল। সারা ভারতের ৪টি রাজ্যে খেলা হবে।’ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, ‘সেনাবাহিনীর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যৌথ উদ্যোগে ডুরান্ড কাপের আয়োজন করছে। কলকাতায় মোট ২৩টি ম্যাচ খেলা হবে। এরমধ্যে দুইটি কোয়ার্টার ফাইনাল, দুইটি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ রয়েছে।’ ডুরান্ডের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর থাকার সম্ভাবনা কম। সেক্ষেত্রে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিযোগিতার উদ্বোধন করতে পারেন।

