উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বুথের নজরদারিতে ব্যবহৃত ওয়েবক্যামে গুরুতর ‘অনিয়ম’ ধরা পড়ায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ECI)। ক্যামেরার রেকর্ডিংয়ে ব্যাপক অসঙ্গতি পাওয়ায় সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। পরিবর্তে আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) ওয়েবক্যাম সরবরাহের জন্য ভিনরাজ্যের তিনটি নতুন সংস্থাকে দায়িত্ব দিয়েছে কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা ভোট এবং ২০২৪ সালের লোকসভা ভোটের (Loksabha Election 2024) রেকর্ডিং খতিয়ে দেখার সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। দেখা যায়, প্রায় ৩০ শতাংশ ক্যামেরায় কোনো রেকর্ডিংই হয়নি। আরও ৩০ শতাংশ ক্যামেরায় শুধুমাত্র ভোটগ্রহণ শুরুর এবং শেষের আধ ঘণ্টার ফুটেজ রয়েছে; বাকি গুরুত্বপূর্ণ সময়ের কোনো হদিশ নেই। বিশেষত ‘স্পর্শকাতর’ বুথগুলিতে অশান্তির অভিযোগ যাচাই করতে গিয়ে পর্যাপ্ত ফুটেজ না থাকায় কমিশনকে চরম সমস্যায় পড়তে হয়েছিল।
এই গাফিলতি নজরে আসার পরেই টেন্ডারের মাধ্যমে বাইরের রাজ্যের তিনটি সংস্থাকে বেছে নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই ওয়েবক্যাম বসানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি আরও জোরদার করতে এবার আটঘাঁট বাঁধছে কমিশন।
রবিবারই ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। রাজ্যে এবার দুই দফায় ভোট হবে। প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল (১৫২টি আসন) এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল (১৪২টি আসন)। আগামী ৪ মে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই প্রযুক্তির এই আধুনিকীকরণ ও সংস্থায় রদবদল বলে মনে করা হচ্ছে।

