উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shinde) প্রাণে মেরে ফেলার হুমকি ইমেল (Email) ঘিরে শোরগোল। সূত্রের খবর, বৃহস্পতিবার একনাথ শিন্ডেকে গাড়িতে বোমা রেখে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক ইমেল অ্যাড্রেসে এই হুমকি মেল পাঠানো হয়েছে। এর মধ্যে গোরেগাঁও, জেজে মার্গ পুলিশ স্টেশন, সচিবালয়ের সরকারি ঠিকানাতেও এই মেল পৌঁছেছে। এরকম ইমেল পাওয়ার পরই একনাথ শিন্ডের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। প্রাথমিক তদন্তে এটি ভুয়ো মেল বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে কে মেল পাঠিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
এর আগে ৬ জানুয়ারি থানের বাসিন্দা হিতেশ প্রকাশ ধেন্ডে নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শিন্ডের বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহার করার অভিযোগ ছিল। এমনকি ওই যুবকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্টে শিন্ডেকে হত্যার হুমকিও দেওয়ার অভিযোগ ছিল। তার আগে ২০২৩ সালের ১১ এপ্রিল শিন্ডের ক্ষতি করার হুমকি দিয়ে মহারাষ্ট্র পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ওই বছরেরই ১৩ ফেব্রুয়ারি নকশালরা তাঁকে মৃত্যুর হুমকি চিঠি দেয় বলে অভিযোগ ওঠে। বারবার এমন ঘটনায় শিন্ডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও বিষয়টি নিয়ে তৎপর রয়েছে পুলিশ।

