Election 2026 | তৃণমূল নেতার মনোনয়ন পর্বে আইসির ‘গাড়ি পরিষেবা!’ অ্যাকশনে নির্বাচন কমিশন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট (WB Election 2026) আবহে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (ECI)। নির্বাচনী বিধিভঙ্গ করার গুরুতর অভিযোগে নৈহাটি থানার আইসি (IC) মহাবীর বেরাকে সাসপেন্ড করল কমিশন (Naihati IC Suspended)। অভিযোগ, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে (Naihati Municipality Chairman) নিজের সরকারি গাড়িতে করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে দিয়েছিলেন ওই পুলিশ আধিকারিক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।

ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। সেই লক্ষ্যেই বারাকপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। তাঁর সঙ্গেই ছিলেন পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। কিন্তু বিতর্কের সৃষ্টি হয় যখন দেখা যায়, চেয়ারম্যান নিজের ব্যক্তিগত গাড়ি ছেড়ে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে করে দপ্তরে পৌঁছান। অভিযোগ ওঠে, গাড়িটি নৈহাটি থানার আইসি মহাবীর বেরার এবং তিনি নিজেই সশরীরে চেয়ারম্যানকে পৌঁছে দিতে গিয়েছিলেন।

এই ঘটনার একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ অনলাইন) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি শেয়ার করে সরব হন বিজেপি নেতা অর্জুন সিং (BJP Leader Arjun Sing)। তিনি সরাসরি পুলিশ-প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে ট্যাগ করে পোস্ট করেন। অর্জুন সিংয়ের দাবি ছিল, নির্বাচন কমিশন পুলিশকে নিরপেক্ষ করার চেষ্টা করলেও কিছু আধিকারিক পুরোনো অভ্যাস ছাড়তে পারছেন না। বারাকপুর পুলিশ কমিশনারেটের গাড়ি ব্যবহার করে রাজনৈতিক ব্যক্তিত্বকে পৌঁছে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি কমিশনের হস্তক্ষেপ দাবি করেন।

বিজেপি নেতার অভিযোগ ও ভিডিওটি খতিয়ে দেখার পর নির্বাচন কমিশন কড়া অবস্থান গ্রহণ করে। সোমবার রাতেই নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়। নির্বাচনের মুখে এমন পদক্ষেপ জেলা পুলিশের অন্দরে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রথম দফার ভোটের আগে কমিশনের এই পদক্ষেপ আদতে সমস্ত পুলিশ আধিকারিকদের জন্য একটি কড়া বার্তা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে ওই থানার দায়িত্ব কে নেবেন এবং ঘটনার বিস্তারিত তদন্ত কীভাবে এগোবে, সেদিকেই নজর সকলের।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

WB Election 2026 | ‘বাংলাতেও পরিবর্তনের হাওয়া বইছে!’ নিশিগঞ্জের সভা থেকে দাবি হিমন্ত বিশ্বশর্মার

নিশিগঞ্জ: নির্বাচনী (WB Election 2026) প্রচারের উত্তাপ বাড়িয়ে কোচবিহার...

Election 2026 | কাশ্মীর থেকে ময়নাগুড়িতে এল বুলেটপ্রুফ গাড়ি! ভোট অশান্তি রুখতে নজিরবিহীন টহল কেন্দ্রীয় বাহিনীর

ময়নাগুড়ি: বিধানসভা নির্বাচনের (Election 2026) প্রাক্কালে নজিরবিহীন পদক্ষেপ নিল...