English Bazar | ইংরেজবাজারে পদ্মশিবিরের জয়, পুরসভা কি এবার কর্পোরেশন? আশায় বাসিন্দারা

শেষ আপডেট:

হরষিত সিংহ, মালদা: ইংরেজবাজারের (English Bazar) বিজেপি প্রার্থী অম্লান ভাদুিড়র সমর্থনে প্রচারে এসে পুরসভাকে কর্পোরেশন করার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সোমবার নির্বাচনের ফলাফলে রাজ্যজুড়ে গেরুয়া ঝড়। মালদার ইংরেজবাজার সহ ছয়টি আসনে জয়লাভ করেছে বিজেপি। তারপরই আশার আলো দেখছেন ইংরেজবাজারের মানুষ। দেড়শো বছরের বেশি পুরোনো এই পুরসভা। বর্তমানে দাঁড়িয়ে ইংরেজবাজার শহর কর্পোরেশনে উন্নীত হলে উন্নয়ন আরও বাড়বে প্রাচীন এই শহরের। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘কর্পোরেশন হলে খুব ভালো হবে। আমি অনেকদিন ধরেই উদ্যোগ নিচ্ছি। যদি কর্পোরেশন হয়, শহরবাসী উপকৃত হবেন।’

ইংরেজবাজার পুরসভা প্রতিষ্ঠিত হয় ১৮৬৮ সালে। ১৫৮ বছরের প্রাচীন এই পুরসভায় জনসংখ্যা থেকে সমস্তকিছুই বৃদ্ধি পেয়েছে। তবে আয়তন বৃদ্ধি হয়নি এই পুরসভার। নিকাশি ব্যবস্থা থেকে পানীয় জল সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এই শহর। বর্ষার মরশুমে শহরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়। এই অবস্থায় শহরের উন্নয়নের জন্য সাধারণ মানুষও চাইছেন পুরসভা থেকে কর্পোরেশনে উন্নীত হোক। স্থানীয় আশুতোষ রায় বলেন, ‘কর্পোরেশন হলে ভালোই হবে। আমাদের সুযোগসুবিধা আরও বাড়বে। শহরের নানা সমস্যার সমাধান হবে।’ এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘পরিকাঠামো তৈরি করেই গঠনমূলক উন্নয়ন করা হবে। ইংরেজবাজার পুরসভাকে কর্পোরেশন করা হবে। এছাড়াও জেলার গাজোল বা অন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে পুরসভা করার পরিকল্পনাও হবে।’

এই পুরসভার মোট আয়তন ১৩.২৫ বর্গ কিলোমিটার। সাধারণত শহরে জনবসতি থাকে প্রতি বর্গকিলোমিটারে ৭৫০ থেকে এক হাজার জন। কিন্তু ইংরেজবাজার পুরসভায় প্রতি বর্গকিলোমিটারে জনঘনত্ব প্রায় ২৫ হাজার। শহরের মোট আয়তনের ৬০ শতাংশজুড়ে রয়েছে সরকারি অফিস থেকে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন থেকে দপ্তর। বাকি ৪০ শতাংশ এলাকাজুড়ে রয়েছে বসতি। বর্তমানে শহরের জনসংখ্যা প্রায় ২ লক্ষ ৭৫ হাজার। জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শহরের। সমস্ত দিক বিচার করেই বর্তমান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী কর্পোরেশন তৈরির উদ্যোগ নিয়েছেন, এমনটাই দাবি তাঁর।

যদিও ইংরেজবাজার পুরসভার আয়তন বৃদ্ধি প্রয়োজন। সেইসঙ্গে কর্পোরেশন তৈরির জন্য আরও কিছু জনসংখ্যার প্রয়োজন। এই পরিকল্পনাও পুরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছিল। শহর সংলগ্ন ইংরেজবাজার ও পুরাতন মালদা ব্লকের গ্রামীণ কিছু এলাকা ইংরেজবাজার শহরের মধ্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়। শহর সংলগ্ন যে সমস্ত এলাকার উন্নয়ন অনেকটাই হয়েছে সেগুলিকেই ইংরেজবাজারের সঙ্গে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হয়। যদিও এখনও সেই অবস্থাতেই রয়েছে ইংরেজবাজার পুরসভাকে কর্পোরেশনের উন্নীত করার প্রয়াস। ১৩ এপ্রিল মালদার মানিকচক ও ইংরেজবাজারের রামকৃষ্ণপিল্লর মাঠে জনসভা করেন শুভেন্দু অধিকারী। রামকৃষ্ণপিল্লর সভা মঞ্চ থেকেই ইংরেজবাজার পুরসভাকে কর্পোরেশন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এই অবস্থায় বিজেপি ক্ষমতায় আসতেই তাই কর্পোরেশন হওয়ার স্বপ্ন দেখছেন শহরবাসী।

Categories
Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Old Malda | বদলের বাংলায় বড় অ্যাকশন! পুরাতন মালদায় ২ বছর আগে ভরাট হওয়া পুকুর উদ্ধার করল ভূমি দপ্তর

পুরাতন মালদা: রাজ্যে সরকার পরিবর্তনের পরই বেআইনি কাজ ও...