উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গ্ল্যামার জগতের রূপালি পর্দার প্রেম কি তবে বাস্তবের ঝোড়ো হাওয়ায় খড়কুটোর মতো উড়ে গেল? বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে এখন একটাই গুঞ্জন— অভিনেত্রী তারা সুতারিয়া এবং বীর পাহাড়িয়ার সম্পর্কে ইতি ঘটেছে। আর এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে গত রবিবার বীরের জন্মদিনের অনুষ্ঠান, যেখানে ব্রাত্যই থেকে গেলেন তারা।
জন্মদিনের পার্টিতে ‘নিখোঁজ’ প্রেমিকা
সাধারণত বিশেষ দিনগুলোতে একে অপরের জন্য সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার জোয়ার বইয়ে দেন এই তারকা যুগল। কিন্তু বীরের জন্মদিনে তারার প্রোফাইল ছিল নিস্পন্দ। এমনকি বীরের কাছের বন্ধুবান্ধবদের নিয়ে আয়োজিত ঘরোয়া পার্টিতেও দেখা মেলেনি অভিনেত্রীর। অনুরাগীরা আশায় ছিলেন, হয়তো সব মান-অভিমান মিটিয়ে বীরের পাশে দেখা যাবে তারাকে। কিন্তু তাঁর এই অনুপস্থিতি এবং নীরবতা বিচ্ছেদের জল্পনাকে কার্যত ‘সত্যি’তে পরিণত করল বলেই মনে করছেন অনেকে।
বিতর্কের মূলে সেই এপি ঢিল্লোঁ বিতর্ক
এই দূরত্বের সূত্রপাত হয়েছিল গায়ক এপি ঢিল্লোঁর একটি অনুষ্ঠান থেকে। মঞ্চে পারফর্ম করার সময় গায়ক প্রকাশ্যেই তারার গালে চুম্বন করেন। সামনে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন বীর। সেই সময় নেটিজেনরা কটাক্ষ করে বলেছিলেন, বীরের সামনেই তাঁকে ‘প্রতারণা’ করছেন তারা। যদিও ঘটনার পর দুজনকে হাতে হাত রেখে অনুষ্ঠান থেকে বেরোতে দেখা গিয়েছিল। তারা একটি কড়া বিবৃতিতে জানিয়েছিলেন, বাইরের কোনও মন্তব্যে তাঁদের সম্পর্কে চিড় ধরবে না। কিন্তু বাস্তবে সমীকরণ যে বদলেছে, তার প্রমাণ মিলল খুব দ্রুত।
বদলে যাওয়া ‘সময়’
সম্প্রতি কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়েতেও বীরকে একা দেখা গিয়েছিল। এরপরই বীরের একটি রহস্যময় পোস্ট নজর কাড়ে সবার। তিনি লিখেছিলেন, “ভাল হোক কিংবা খারাপ, সময় বদলাবে নিশ্চয়ই।” তাঁর এই মন্তব্য কি বিচ্ছেদের যন্ত্রণারই বহিঃপ্রকাশ ছিল? তারার অনুপস্থিতি সেই প্রশ্নকেই আরও জোরালো করল।

