সুভাষ বর্মন,ফালাকাটা: রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, আর সেই আপ্তবাক্যকে পাথেয় করেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ফালাকাটা কেন্দ্রে নিজেদের পুরনো সৈনিকের ওপরই ফের ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের নির্বাচনে মাত্র চার হাজার ভোটের ব্যবধানে পরাজিত হওয়া সুভাষচন্দ্র রায়কেই আসন্ন নির্বাচনে পুনরায় প্রার্থী করার সিদ্ধান্ত নিল রাজ্যের শাসকদল।
কেন সুভাষচন্দ্র রায়? তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, ২০২১ সালে অত্যন্ত কম ব্যবধানে হারলেও সুভাষচন্দ্রের নিজস্ব জনভিত্তি ও স্বচ্ছ ভাবমূর্তি দলের বড় সম্পদ। ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে তাঁর রাজনীতির হাতেখড়ি। নিচুতলার মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগই তাঁকে ফের লড়াইয়ের ময়দানে টেনে এনেছে। ফালাকাটা আসনটি তৃণমূলের জন্য আবেগ এবং সম্মানের লড়াই। আলিপুরদুয়ার জেলার মধ্যে প্রথম ঘাসফুল ফুটেছিল এই ফালাকাটাতেই।

