উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১১ জুন থেকে শুরু হতে চলেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। কিন্তু টুর্নামেন্ট শুরুর এক মাস আগেও ভারতের কোনো টিভি চ্যানেলে বা ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। সম্প্রচার স্বত্বের মূল্য নিয়ে ফিফার আকাশছোঁয়া দাবি এবং ভারতীয় সংস্থাগুলোর অনীহার কারণে এই নজিরবিহীন সংকটের সৃষ্টি হয়েছে (FIFA World Cup 2026 Broadcasting India)।
২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য ফিফা প্রথমে ১০ কোটি ডলার (প্রায় ৯৩০ কোটি টাকা) চেয়েছিল। ভারতের কোনও সংস্থা এই বিশাল অঙ্কের বিনিয়োগে রাজি না হওয়ায় পরে দাম কমিয়ে সাড়ে ৩ কোটি ডলার (প্রায় ৩২৬ কোটি টাকা) করা হয়।


বর্তমানে রিলায়েন্স-ডিজনি এই স্বত্বের জন্য ২ কোটি ডলার (প্রায় ১৮৬ কোটি টাকা) দিতে চাইছে। কিন্তু এত কম দামে স্বত্ব বিক্রি করতে নারাজ ফিফা।
শুধু ভারতেই নয়, চিনের মতো বড় বাজারকেও এখনও নিশ্চিত করতে পারেনি ফিফা। বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশ বাদ দিয়েই এখনও পর্যন্ত ১৭৫টি দেশে সম্প্রচারের বিষয়টি চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
যদি দ্রুত এই জট না কাটে, তবে লিয়োনেল মেসি বা কিলিয়ান এমবাপেদের শ্রেষ্ঠত্বের লড়াই দেখার সুযোগ হারাবে ভারতের কোটি কোটি ফুটবল ভক্ত। শেষ মুহূর্তে রিলায়েন্স-ডিজনি এবং ফিফা কোনও সমঝোতায় পৌঁছায় কি না, এখন সেটাই দেখার।

