সামসী: জমি থেকে ধান কেটে বাড়িতে এনেছিলেন কৃষক। রাতের অন্ধকারে সেই ধানের গোলায় আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের আটঘরা গ্রামে। অগ্নিকাণ্ডে জমির সব ধান পুড়ে পাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকের।
জানা গিয়েছে, আটঘরা গ্রামের কৃষক রঞ্জন স্বর্ণকার এবছর লিজ নেওয়া দেড় বিঘে জমিতে আমন ধান লাগিয়েছিলেন। রবিবার ধান কাটার বাড়িতে আনে। মঙ্গলবার রাত আটটা নাগাদ সেই ধানের গোলায় আগুন দেখতে পান পরিবারের লোকেরা। নিমেষে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পরিবার ও স্থানীয় বাসিন্দা আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়ে। পরে চাঁচল থেকে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত কৃষকের বক্তব্য, কারও সঙ্গে শত্রুতা নেই। বাঁশবাগানে রাত হলেই নেশার আসর বসে। সেই দুষ্কৃতীরাই আগুন লাগিয়ে থাকতে পারে বলে অভিযোগ। এই ঘটনায় কৃষক রঞ্জন স্বর্ণকার চাঁচল থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

