উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় পদক্ষেপ। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। ভারতে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের নিজের দেশে ফিরিয়ে দেওয়ার আগে রাখা হবে এই ডিটেনশন ক্যাম্পে। এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে (Foreigners Act 2025) বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে বসবাসকারী কোনও সন্দেহভাজন ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে ফরেনার্স ট্রাইব্যুনাল। সন্দেহভাজন ব্যক্তি বিদেশি নন বলে দাবি করার পর, যদি নিজের দাবির সপক্ষে কোনও প্রমাণ দাখিল করতে না পারেন, তবেই তাঁকে ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে। মূলত বিদেশিদের নিজে দেশে ফেরত পাঠানোর আগে তাদের গতিবিধির ওপর নজর রাখার জন্য ডিটেনশন ক্যাম্পে রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এও বলা হয়েছে, ভারতের কোনও পর্বতশৃঙ্গ আরোহণ করতে চাইছেন এমন বিদেশি নাগরিকদের এখন থেকে কেন্দ্রের অনুমতি নিতে হবে। এছাড়াও গুরুতর অভিযোগে দোষীসাব্যস্ত বিদেশিদের ভারতে প্রবেশ কিংবা এখানে থাকার অনুমতি না দেওয়াও হতে পারে। সম্প্রতি পাশ হওয়া ‘অভিবাসন ও বিদেশি আইন ২০২৫-র’ পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


তবে সোমবার রাত থেকে সারা দেশে চালু হওয়া আইন অনুযায়ী, একমাত্র নেপাল ও ভুটানের নাগরিকেরা নিজের দেশের পাসপোর্ট দেখিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন। তাদের ভিসা নেওয়ার প্রয়োজন হবে না। তবে ওই দুই দেশের নাগরিক চিন, পাকিস্তান এবং আফগানিস্তান হয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না। তাদের স্ব সময় নিজেদের দেশ থেকে সরাসরি ভারতে আসতে হবে।

