উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : চিন সফরে গিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। এই সফরে তিনি রবিবার চিনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ জিয়ানচাও-এর সঙ্গে দেখা করেছেন।
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, তাঁদের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া আলোচনা হয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি ও লাদাখের অমীমাংসিত বিষয় নিয়ে। কৈলাস যাত্রার প্রসঙ্গও বৈঠকে উঠে এসেছে।


বৈঠক শেষে উভয়পক্ষের তরফে বিবৃতি দেওয়া হয়। বিবৃতি অনুসারে, দুই কর্মকর্তা লাদাখ সীমান্ত চুক্তির বাস্তবায়নে জোর দিয়েছেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগের বিষয়গুলি ঐকমত্যের ভিত্তিতে সমাধানের ব্যাপারে আলোচনা করেছেন।
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আমরা ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রির চিন সফরকে স্বাগত জানাই।’ মাও যোগ করেছেন, গত বছর কাজানে ব্রিকস সম্মেলনে রাষ্ট্রপতি শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে যে সমঝোতা হয়েছিল, তার ভিত্তিতে এই সফর। গত মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও বেজিং সফর করেছিলেন।

