সানি সরকার ও খোকন সাহা, বাগডোগরা: ফের পিছিয়ে গেল বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের কাজ। চলতি মাসের ২৬ তারিখ ওই কাজের শিলান্যাসের কথা থাকলেও, তা হচ্ছে না। তবে কবে তা হবে, সেটাও স্পষ্ট হয়নি বৃহস্পতিবার। তবে কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে বলে আশাবাদী দার্জিলিংয়ের সাংসদ ও বিমানবন্দরটির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রাজু বিস্ট। তাঁর দাবি, ‘বুধবারই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ করি, তিনি যাতে সশরীরে উপস্থিত থেকে সম্প্রসারণের কাজের সূচনা করেন। সে কারণে হয়তো দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যে সমস্ত কিছুই স্পষ্ট হয়ে যাবে।’
২৬ সেপ্টেম্বর কাজ শুরুর ব্যাপারে আশাবাদী ছিল বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ, যার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু এদিন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি মেসেজ পাঠিয়ে বলা হয়, পূর্ব নির্ধারিত দিনে শিলান্যাস হচ্ছে না।
বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়ার পর অর্থ মঞ্জুর করেছে কেন্দ্র। কিন্তু জট কাটছে না কিছুতেই। লোকসভা নির্বাচনের আগে কাজ শুরুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি পরিবেশ আদালতের ছাড়পত্র না পাওয়ায়। পরবর্তীতে ছাড়পত্র মিললেও ‘তারিখ পে তারিখ’ করে সময় কেটেছে। সম্প্রতি ২৬ সেপ্টেম্বর দিনটি নির্দিষ্ট করা হয়। দেশের বাকি ছয়টি বিমানবন্দরের পাশাপাশি বাগডোগরা বিমান্দরের সম্প্রসারণের কাজের সূচনার সিদ্ধান্ত নেওয়া হয়। ভার্চুয়ালি সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এএআই) তরফে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষকে। কিন্তু তা যে হচ্ছে না, তা স্পষ্ট হয়ে যায় এদিনের একটি মেসেজে। তবে পূর্ব নির্ধারিত দিনেই বারাণসী, দাড়ভাঙ্গা, শোলাপুর, অম্বিকাপুর, রেবা এবং আগ্রা বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে।
বাগডোগরাকে সম্প্রসারণ করে অত্যাধুনিক বিমানবন্দর গড়ার জন্য প্রথম পর্যায়ে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। পরিকল্পনা অনুসারে, ৭০ হাজার ৩৯০ বর্গ মিটার এলাকা নিয়ে নতুন টার্মিনাল ভবন তৈরি করা হবে। পিক টাইমে টার্মিনালে একসঙ্গে ৩ হাজার যাত্রীকে স্বচ্ছন্দে পরিষেবা দেওয়া সম্ভব হবে। বছরে ১০ মিলিয়ন যাত্রী পরিষেবা পাবেন। অ্যাপ্রনে ১০টি পার্কিং বে থাকবে। ২টি লিংক ট্যাক্সি ওয়ে, মাল্টি লেভেল কার পার্কিংও রয়েছে এএআইয়ের পরিকল্পনায়। কিন্তু কাজ শুরু হবে কবে, সেটাই বড় প্রশ্ন।

