উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্যাচপ্যাচে গরমে এক কামড় ঠান্ডা আইসক্রিম মনকে শান্তি দিলেও ক্যালোরি বা অতিরিক্ত চিনির কথা ভেবে অনেকেই পিছিয়ে আসেন। তবে এবার শরীর ঠান্ডা রাখতে আর স্বাদের সঙ্গে আপস করার প্রয়োজন নেই। দই দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন আইসক্রিমের মতোই সুস্বাদু অথচ স্বাস্থ্যকর ‘ফ্রোজ়েন ইয়োগার্ট বার্ক’। এটি শুধু মুখরোচকই নয়, প্রোটিনে ঠাসা এক পুষ্টিকর মিষ্টান্ন।
কেন খাবেন ইয়োগার্ট বার্ক?
বাজারে কেনা আইসক্রিমে প্রচুর পরিমাণে চিনি ও প্রিজ়ারভেটিভ থাকে। কিন্তু ইয়োগার্ট বার্কে আপনি ব্যবহার করছেন টক দই, মধু ও টাটকা ফল। যাঁরা ডায়েট করছেন বা স্বাস্থ্য সচেতন, তাঁদের জন্য এটি সেরা বিকল্প। ছোটরা আইসক্রিম খেতে চাইলে তাঁদের বদলে এই রঙিন ইয়োগার্ট বার্ক বানিয়ে খাওয়াতে পারেন।


উপকরণ:
-
২ কাপ জল ঝরানো টক দই বা গ্রিক ইয়োগার্ট
-
৩ চামচ মধু বা মেপল সিরাপ
-
১-২ চামচ প্রোটিন পাউডার (ইচ্ছানুসারে)
-
আধ চামচ ভ্যানিলা এসেন্স
-
১টি পাকা কলা ও অন্যান্য ফল (বেদানা, আম বা আঙুর)
-
টপিংয়ের জন্য: পেস্তা, কাঠবাদাম, আখরোট কুচি, চকোলেট চিপ্স ও নানা রকম বীজ।
প্রণালী:
১. একটি পাত্রে জল ঝরানো ফেটানো দইয়ের সঙ্গে মধু, প্রোটিন পাউডার ও ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নিন। ২. একটি বেকিং ট্রে-র ওপর পার্চমেন্ট পেপার পেতে তার ওপর মিশ্রণটি ঢেলে চামচ দিয়ে সমান করে ছড়িয়ে দিন। ৩. এর ওপর গলানো চকোলেট চিপ্স এবং কলার ছোট ছোট টুকরো দিয়ে সাজিয়ে দিন। ৪. ট্রে-টি ফ্রিজে অন্তত ৩-৪ ঘণ্টা বা সারা রাত রেখে দিন। ৫. দই পুরোপুরি জমে গেলে বের করে ওপর থেকে আরও কিছুটা বাদাম কুচি ও ফলের টুকরো ছড়িয়ে দিন। ৬. সবশেষে ছোট ছোট চৌকো আকারে কেটে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ফ্রোজ়েন ইয়োগার্ট বার্ক।
স্বাদে অতুলনীয় এবং দেখতে রঙিন এই মিষ্টান্ন আপনার দুপুরের খাবারের শেষ পাতে বা বিকেলের জলখাবারে এনে দেবে এক পরম তৃপ্তি।

