গাজোল: গত ৪ এপ্রিল যে মাঠে জনসভা করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), সেই একই ময়দানে এবার নির্বাচনী হুঙ্কার দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। আগামী ১৪ এপ্রিল, রবিবার বেলা ২টোয় গাজোলের এই সভাস্থলে তাঁর জনসভা করার কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই গাজোলে বিজেপির তৎপরতা ও প্রস্তুতি তুঙ্গে।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আচমকাই বিজেপি (BJP) নেতৃত্বের কাছে খবর আসে যে স্বরাষ্ট্রমন্ত্রী গাজোলে সভা করবেন। খবর পাওয়া মাত্রই শনিবার সকাল থেকে কাজে নেমে পড়েন দলীয় কর্মীরা। লক্ষ্যণীয় বিষয় হলো, ঠিক যে স্থানে মুখ্যমন্ত্রীর সভার জন্য মঞ্চ বাঁধা হয়েছিল, সেখানেই অমিত শায়ের জন্য নতুন মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। তবে নিরাপত্তার খাতিরে মন্ত্রীর হেলিকপ্টার নামার জন্য মূল সভাস্থল থেকে কিছুটা দূরে নতুন হেলিপ্যাড তৈরি করা হচ্ছে।


শনিবার বিকেলে জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল পরিদর্শন করেন ছত্তিশগড়ের রাজস্ব মন্ত্রী টঙ্ক রাম বর্মা। সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হ্যাঙ্গার তৈরির কাজ থেকে শুরু করে নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখেন তাঁরা। পরিদর্শন শেষে শ্রী বর্মা সংবাদমাধ্যমকে বলেন, “আগামী ১৪ এপ্রিল বেলা দুটোয় গাজোলে সভা করবেন অমিত শাহ জি। গাজোল বিধানসভা সহ পার্শ্ববর্তী এলাকাগুলো থেকেও প্রচুর কর্মী-সমর্থক ও ভোটাররা ওইদিন সভায় আসবেন। কর্মীবাহিনীর মধ্যে উৎসাহ এখন তুঙ্গে। এ রাজ্যে এবার বিজেপি সরকার গড়ছে, তা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।”
এদিন মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গাঙ্গুলী সরকার, কনভেনার মুক্তি সাহা, মহিলা নেত্রী কাজলী পোদ্দার সহ জেলা ও ব্লকের অন্যান্য নেতৃত্ব। তৃণমূল নেত্রীর সভার ঠিক দশ দিনের মাথায় একই মাঠে অমিত শাহের এই পাল্টা সভা মালদার রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

