গাজোল: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কড়া পুলিশি পাহারার মধ্যেই দিনেদুপুরে এক নাবালকের ওপর চাকুর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল গাজোলের (Gazol) বিদ্রোহী মোড় এলাকায়। মঙ্গলবার বেলা পৌনে দুটো নাগাদ গাজোল হাইস্কুল মাঠের এক প্রান্তে দুই নাবালকের বচসা থেকে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত নাবালককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical College) স্থানান্তর করা হয়েছে।
আক্রান্ত নাবালকের নাম দেবাশীষ বর্মন (১৫), সে হরিদাস গ্রামের বাসিন্দা। অভিযোগ, সাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর গ্রামের বাসিন্দা গৌর রায় (১৬) নামের এক নাবালক পকেট থেকে ধারালো চাকু বের করে আচমকাই দেবাশীষের গলায় চালিয়ে দেয়। ঘটনার সময় মাধ্যমিক পরীক্ষার কারণে এলাকায় প্রচুর অভিভাবক ও পুলিশ মোতায়েন ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রক্তাক্ত অবস্থায় গলা চেপে ধরে দেবাশীষ সাহায্য চাইতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রাই তাকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়েই গাজোল থানার আইসি আশিস কুন্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তদন্তে নামে। কিছুক্ষণের মধ্যেই নয়াপাড়া এলাকা থেকে অভিযুক্ত গৌর রায়কে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে খবর, গত তিন দিন ধরে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিবাদ চলছিল।
হামলার কারণ কি প্রেমঘটিত নাকি অন্য কোনও পুরনো শত্রুতা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে যেভাবে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়েছে, তাতে নিরাপত্তা নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকেরা।

