উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড (India-England) পঞ্চম টেস্ট। সিরিজ়ে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছেন শুভমনেরা। শেষ টেস্ট জিততে না পারলে সিরিজ় হারতে হবে ভারতীয় দলকে (Indian team)।
এর মধ্যে ওভালে পিচ (pitch) দেখার নিয়ম ঘিরে বিতর্ক শুরু। মঙ্গলবার ওভালের পিচ দেখতে গিয়ে বাঁধার মুখে পড়েন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এক মাঠকর্মী এসে বলেন, আড়াই মিটার দূর থেকে পিচ দেখতে হবে। এনিয়ে ওভালের পিচ প্রস্তুতকারক লি ফর্টিসের (Lee Fortis) সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গম্ভীর।


ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট শুরুর আগের দিন এই ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ করেন ভারতীয় দলের অধিনায়ক (Captain) শুভমন গিল (Shubman Gill)। তিনি বলেন, ‘আমি যতদূর, জানি আড়াই মিটার দূর থেকে পিচ দেখার কোনও নির্দেশ নেই। রাবার স্পাইক পরে থাকলে বা খালি পায়ে থাকলে কাছে গিয়ে পিচ দেখা যায়। তবে পিচ প্রস্তুতকারক কেন বাধা দিয়েছিলেন বলতে পারব না। সব সময়ই আমরা কাছে গিয়ে পিচ দেখি। অধিনায়ক হিসাবে আমি একাধিকবার পিচ দেখেছি। কখনও এমন হয়নি।’
ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের (Sitanshu Kotak) বক্তব্য, আমরা যখন পিচ দেখছিলাম তখন ফর্টিস একজন মাঠকর্মীকে পাঠিয়ে আড়াই মিটার দূর থেকে পিচ দেখতে বলেন। এমন ঘটনায় আমি অবাক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিষয়টা এমন পর্যায়ে গড়ায় যে, গম্ভীর ফোর্টিসকে স্পষ্ট বলেন তুমি শুধু একজন মাঠকর্মী। আমাদের কী করতে হবে, সেটা বলে দিতে পারো না। তুমি যা খুশি রিপোর্ট কর।

