গাজোল: এক হাতে খাতা, অন্য হাতে কাঁসর—আর মুখে মালদহের মাটির টান। চিরাচরিত গম্ভীরার সুরেই এবার ভোটারদের দুয়ারে পৌঁছে গেল নির্বাচন কমিশন (Voter Awareness)। মঙ্গলবার বিকেলে গাজোল ব্লক ক্যাম্পাসে পুরাতন মালদহ প্রেক্ষা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে একটি বিশেষ গম্ভীরা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ মানুষ যাতে কোনও ভয় বা প্ররোচনায় পা না দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই বার্তাই গানের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা।
দলের কর্ণধার সুব্রত বাগচী জানান, নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে গোটা মালদহ জেলা জুড়েই এই কর্মসূচি চালানো হচ্ছে। গম্ভীরার মাধ্যমে সাধারণ মানুষকে জানানো হচ্ছে যে, এবারের নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশন কী কী ব্যবস্থা নিয়েছে। অভিষেক দত্ত, সুমিত দাস ও দেবব্রত বাগচীদের পরিবেশিত গম্ভীরা গান শুনতে এদিন ব্লক চত্বরে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ।
গম্ভীরা গানের ‘নানা-নাতি’র সেই পরিচিত সংলাপের ঢঙে ভোটারদের বোঝানো হয় যে, নির্বাচনের নিয়মবিধি মেনে চলা কেন জরুরি। ভয়মুক্ত পরিবেশে ভোট দেওয়া যে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, গম্ভীরার ব্যঙ্গ-কৌতুকের মোড়কেই সেই গুরুগম্ভীর বিষয়টিকে সহজভাবে পরিবেশন করেন শিল্পীরা। মূলত গ্রামীণ এলাকার মানুষের কাছে পৌঁছাতে এই লোকসংস্কৃতি সবথেকে কার্যকরী মাধ্যম বলে মনে করছে প্রশাসন।

