উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। তার ঠিক ২৪ ঘণ্টা আগে বুধবার তিলোত্তমার রাজনীতিতে দানা বাঁধল চরম নাটকীয়তা। এদিন লোকভবন গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে গেজেট নোটিফিকেশন (Gazette Notification) জমা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। এই পদক্ষেপের সঙ্গেই বাংলায় নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক তৎপরতা শুরু হয়ে গেল।
এদিন সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে ছিলেন কমিশনের পদস্থ আধিকারিকেরা। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল ছাড়াও ভোট-পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়ে সিইও-র কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন সাংবিধানিক প্রধান। উল্লেখ্য, নতুন মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে পর্যন্ত নির্বাচন কমিশনের হাতেই রাজ্যের রাশ। ফলে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে সিইও-র এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


নির্বাচনে বিজেপি (BJP) একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৈরি হয়েছে এক নজিরবিহীন পরিস্থিতি। তৃণমূলনেত্রী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় মানতে অস্বীকার করেছেন। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি জানিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না।
গত মার্চ মাসে সিভি আনন্দ বোসের ইস্তফার পর আর এন রবি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনের অন্দরে ব্যাপক রদবদল হয়েছে। দ্বিতীয় দফা ভোট পর্যন্ত এই রদবদল জারি ছিল। ব্যস্ততার কারণে সিইও এতদিন সশরীরে রাজভবনে যেতে না পারলেও আজ গেজেট নোটিফিকেশন জমা দিয়ে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করলেন। এখন বল রাজ্যপালের কোর্টে। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কার নাম চূড়ান্ত হয়, তা নিয়ে রাজ্যজুড়ে এখন টানটান উত্তেজনা।

