উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ক (India Germany Relations) আরও এক ধাপ মজবুত হলো। প্রতিরক্ষা থেকে প্রযুক্তি— একগুচ্ছ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ১৯টি মউ (MoU) স্বাক্ষরের পাশাপাশি ভারতীয় পর্যটকদের জন্য বড় ঘোষণা করলেন জার্মান চ্যান্সেলার ফ্রেডরিখ মার্জ। এখন থেকে বার্লিন, মিউনিখ বা ফ্রাঙ্কফুর্টের মতো জার্মানির যেকোনো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিবর্তনের জন্য ভারতীয় নাগরিকদের আর কোনো ‘ট্রানজিট ভিসা’র (Germany Transit Visa Free for Indians) প্রয়োজন হবে না।
মউ স্বাক্ষর ও ঐতিহাসিক ঘোষণা সোমবার ভারতে এসেছেন জার্মান চান্সেলার ফ্রেডরিখ মার্জ। তার সঙ্গেই প্রায় ১৯টি বিষয়ে মউ স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারপরেই ভারতীয়দের জন্য জার্মানিতে কোনও ট্রানজিট ভিসা লাগবে না বলে ঘোষণা করেন জার্মান চান্সেলার। এই ঘোষণায় ভারতীয়দের তরফে মার্জকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ট্রানজিট ভিসা কী ও কেন লাগত? সাধারণত আন্তর্জাতিক ভ্রমণের সময় গন্তব্যে পৌঁছানোর আগে যদি অন্য কোনো দেশে বিমান পরিবর্তনের জন্য থামতে হয় (Layover), তবে সেই দেশের বিমানবন্দরের ভেতরে থাকার জন্য একটি স্বল্পমেয়াদি অনুমতির প্রয়োজন হয়। একেই বলা হয় ট্রানজিট ভিসা। এতদিন জার্মানির বিমানবন্দরে নেমে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে বা ডিউটি-ফ্রি শপে কেনাকাটা করতেও ভারতীয়দের এই অনুমতির প্রয়োজন হতো। যা পেতে গেলে পাসপোর্ট ও আন্তর্জাতিক টিকিট সহ বেশ কিছু নথি পেশ করতে হতো।
সুবিধা কী পাবেন ভারতীয়রা? এই নতুন ঘোষণার ফলে ভারতীয় ভ্রমণকারীরা কোনো দীর্ঘ আবেদন প্রক্রিয়া বা ফি ছাড়াই জার্মানির বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট এরিয়ায় চলাফেরা করতে পারবেন। তবে মনে রাখতে হবে, এই সুবিধা কেবল বিমানবন্দরের নির্দিষ্ট সীমানার ভেতরে বিমান পরিবর্তনের জন্য প্রযোজ্য। কেউ যদি বিমানবন্দর থেকে বেরিয়ে জার্মানি শহরে প্রবেশ করতে চান বা সেখানে থাকতে চান, তবে তাঁকে আগের মতোই যথাযথ ভিসার জন্য আবেদন করতে হবে। এই সিদ্ধান্তের ফলে ইউরোপ বা আমেরিকাগামী ভারতীয় যাত্রীদের সময় ও খরচ দুই-ই বাঁচবে।

