বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Moeen Ali | আইপিএলকে বিদায়! পিএসএলে নাম লেখালেন কেকেআর-এর প্রাক্তন তারকা মইন আলি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করলেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলি (Moeen Ali)। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর ছেড়ে দেওয়া এই ক্রিকেটার এবার পাকাপাকিভাবে নাম লেখালেন পাকিস্তানের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ—পাকিস্তান সুপার লিগে (PSL)।  কিছুদিন আগেই ফ্যাফ ডুপ্লেসির মতো তারকাও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। এবার সেই দলে নাম লেখালেন মইন।

পাক বংশোদ্ভূত এই অলরাউন্ডার মূলত তাঁর ‘মাতৃভূমি’ পাকিস্তানের টি-টোয়েন্টি লিগকেই বেছে নিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে মইন আলি জানিয়েছেন, তিনি পিএসএল-এ যোগ দিতে খুবই উৎসুক।

আইপিএল-এ চেন্নাই সুপার কিংস (CSK) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)-র হয়ে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মইনের। বিশেষত, মহেন্দ্র সিং ধোনি-র প্রাক্তন সতীর্থ হিসেবে চেন্নাইয়ে তিনি খুবই পরিচিত ছিলেন। কিন্তু এখন সেই পরিচিত আঙিনা ছেড়ে তিনি ঝুঁকছেন পিএসএল-এর দিকে।

মইন আলির বক্তব্য, “পিএসএল-এ যোগ দিচ্ছি। এই প্রতিযোগিতার দিকে অত্যন্ত আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছি। নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ পিএসএল, যেখানে অত্যন্ত উচ্চমানের লড়াই হয়। পাকিস্তানের মাটিতে খেলার অনুভূতি সব সময়ই দারুণ। ক্রিকেটপ্রেমীরা সব সময় সেরাটা দেওয়ার জন্য উদ্ধুব্ধ করেন ক্রিকেটারদের। আশা করি, দারুণ কিছু স্মৃতি তৈরি হবে।”

৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার ২০১৮ সাল থেকে আইপিএল-এ অংশ নিয়ে মোট ৭৩টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে তাঁর ঝুলিতে রয়েছে ১১৬৭ রান, পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪১টি উইকেট। গত মরসুমে নিলামে কেকেআর কর্তৃপক্ষ তাঁকে দলে নিলেও, নাইটদের জার্সিতে তিনি মাত্র ছ’টি ম্যাচ খেলার সুযোগ পান। চলতি বছরেই কেকেআর তাঁকে ছেড়ে দেয়।

আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলি যখন নতুন মরসুমের জন্য দল গোছাতে ব্যস্ত, ঠিক তখনই মইন আলির মতো একজন অভিজ্ঞ তারকার পিএসএল-এ যোগ দেওয়ার সিদ্ধান্তটি বিদেশি ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি লিগ নির্বাচনের ক্ষেত্রে এক নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন অনেকে।

Share post:

Popular

More like this
Related

Kolkata | কুলদাকান্ত শিল্ডে খেলবে ইস্টবেঙ্গল

কলকাতা: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলদাকান্ত শিল্ড ১৭ থেকে ২৩...

Smriti Mandhana | ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালোবাসি : মান্ধানা

নয়াদিল্লি: ২৩ নভেম্বর ভারতীয় মহিলা দলের তারকা ওপেনার স্মৃতি...

Shah Rukh Khan-Lionel Messi | বড় চমক! ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির সঙ্গে থাকছেন কিং খান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একমঞ্চে ‘ফুটবলের ঈশ্বর’ আর ‘বলিউড...

Umar Khalid | বোনের বিয়ে: ১৩ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ, ‘কড়া’ শর্ত আদালতের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি দাঙ্গার 'বৃহত্তর ষড়যন্ত্র' মামলায়...