উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের ঠিক চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিলেন রাজ্যপাল আরএন রবি (Governor RN Ravi)। মঙ্গলবার সকালে স্ত্রী লক্ষ্মী রবিকে সঙ্গে নিয়ে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন তিনি। সেখানে দেবী দর্শনের পাশাপাশি বাংলার সামগ্রিক উন্নয়ন ও শান্তি কামনায় প্রার্থনা করেন রাজ্যপাল।
লোকভবনের (রাজভবন) পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে। সেই সঙ্গে লেখা হয়েছে, ‘রাজ্যপাল আরএন রবি এবং তাঁর স্ত্রী লক্ষ্মী রবি কালীঘাট মন্দিরে মা কালীর দর্শন করলেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে পশ্চিমবঙ্গের জনগণের সামগ্রিক কল্যাণ এবং রাজ্যের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির কামনায় প্রার্থনা জানান তাঁরা।’


রাজ্যপাল শ্রী আর. এন. রবি ও তাঁর সহধর্মিণী শ্রীমতী লক্ষ্মী রবি কালীঘাট মন্দিরে মা কালীর দর্শন করেন এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে পশ্চিমবঙ্গের জনগণের সামগ্রিক কল্যাণ এবং রাজ্যের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির কামনায় প্রার্থনা জানান।
#মাকালী #কালিঘাট #রাজ্যপালরবি #লোকভবন pic.twitter.com/DYPLRgvH8g— Lok Bhavan, West Bengal (@lokbhavan_wb) May 5, 2026
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজ্যপালের ভূমিকা ছিল বেশ চর্চিত। গত পয়লা বৈশাখ লোকভবনের এক অনুষ্ঠানে রাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জিডিপি-র হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। তরুণ প্রজন্মকে সরাসরি ‘পরিবর্তনের কর্মযজ্ঞে’ শামিল হওয়ার ডাক দিয়ে তিনি বলেছিলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বাংলা পিছিয়ে থাকতে পারে না। রাজ্যপালের সেই ‘পরিবর্তন’-এর ডাক ঘিরে তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর সংঘাত চরমে পৌঁছায়। ইসলামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে তাঁকে ‘লাটসাহেব’ বলে কটাক্ষও করেছিলেন। তবে সমস্ত জল্পনা ও রাজনৈতিক তর্জার অবসান ঘটিয়ে বঙ্গে ক্ষমতা বদলের পরদিনই রাজ্যপালের এই মন্দির দর্শনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

