উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যুদ্ধবিদ্ধস্ত গাজায় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে গিয়ে ইজরায়েলি নৌবাহিনীর হাতে আটক হয়েছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। সেই ঘটনার পর মঙ্গলবার তাঁকে তাঁর নিজ দেশ সুইডেনে ফেরত পাঠিয়ে দিল ইজরায়েল সরকার।
এই প্রসঙ্গে ইজরায়েলের বিদেশ মন্ত্রক তাঁদের এক্স হ্যান্ডেলে(সাবেক টুইটার)পোস্ট করে জানায়, ২২ বছর বয়সী সুইডিশ অ্যাকটিভিস্ট গ্রেটা থুনবার্গ একটি বিমানে করে ফ্রান্স হয়ে সুইডেনে ফিরছেন। এর সঙ্গে তাঁর একটি ছবিও প্রকাশ করা হয়, যেখানে গ্রেটাকে বিমানের আসনে বসে থাকতে দেখা যায়।


প্রসঙ্গত, গ্রেটা ছিলেন সেই ১২ জন অ্যাকটিভিস্টের একজন, যারা ‘ম্যাডলিন’ নামে একটি নৌকায় করে গাজার উদ্দেশে রওনা দিয়েছিলেন। এই নৌকাটি পরিচালনা করছিল ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামে একটি সংগঠন। তাদের উদ্দেশ্য ছিল যুদ্ধবিদ্ধস্ত গাজায় জরুরি খাবার ও ওষুধ পাঠানোর পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষের দুর্দশার কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ইজরায়েলি নৌবাহিনী নৌকাটিকে আটক করে এবং সেটিকে আশদোদের বন্দরে নিয়ে যায়। আটক করা হয় নৌকাতে সওয়ার ১২ জনকেই।
ইজরায়েলে গ্রেটাদের আইনি সহায়তা করছিল আদালাহ নামে একটি গোষ্ঠী। তাঁদের তরফে জানানো হয়েছে যে, গ্রেটা সহ দুই সমাজকর্মী এবং এক সাংবাদিক ইজরায়েল থেকে তাঁদের বিতারণের সিদ্ধান্তে সম্মত হয়েছেন। সেই কারণেই তাঁদের ইজরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে নিজ দেশে। কিন্তু ম্যাডলিনে সওয়ার বাকি ৮ জন তাতে রাজি না হওয়ায় তাঁদের এখনও আটকে রাখা হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে তাঁদের আদালতে তোলা হতে পারে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে ইজরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সাবিন হাদ্দাদ জানান যে, মঙ্গলবার যে চারজনকে ডিপোর্ট করা(ফেরত পাঠানো) হয়েছে তাঁরা আদালতের সামনে হাজিরা দেওয়ার অধিকার থেকে অব্যাহতি পেয়েছেন। কিন্তু যারা সেটা করেননি তাঁদের ৯৬ ঘন্টা আটকে রাখার পর দেশ থেকে বের করে দেওয়া হবে।

