উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সময় যত গড়াচ্ছে ইজরায়েল-হামাস সংঘর্ষ আরও ভয়ংকর রূপ নিচ্ছে। এবার গাজায় প্যালেস্তিনীয় শরণার্থী শিবিরে ইজরায়েলের বায়ুসেনার নির্বিচারে বোমাবর্ষণের ‘জবাব’ দিল হামাস। হামাসের তরফে বৃহস্পতিবার ইজরায়েলের প্রধান প্রশাসনিক কেন্দ্র তেল আভিভে রকেট হামলা চালানোর দাবি করা হয়েছে।
এক বিবৃতিতে হামাস জানিয়েছে, আল-শাতি এবং জাবালিয়া শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমানহানার জবাব দিতে তেল আভিভে এই হামলা করা হয়েছে। জানা গিয়েছে, জাবালিয়ার ওই শরণার্থী শিবিরে ইজরায়েলের বোমাবর্ষণে নারী, শিশু সহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এরপর বৃহস্পতিবার ভোররাতে বিমান হামলা চালানো হয় আল-শাতি শরণার্থী শিবিরেও। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েলের রাজধানী শহরে একাধিক রকেট ছোড়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। গাজায় কার্যত এখন আর কোনও ‘নিরাপদ জায়গা’ই অবশিষ্ট নেই বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
প্রসঙ্গত, গত শনিবার ভোরে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস ইজরায়েলে প্রথম আঘাত হানে। পরপর রকেট এবং বোমা ছোড়া হয়। এরপর পালটা প্রত্যাঘাত করে ইজরায়েলও। তারপর থেকে পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। এখনও পর্যন্ত দু’পক্ষের সংঘর্ষে ২০০০-এরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ইজরায়েলে ১২০০-এর বেশি এবং গাজায় ৯০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আমেরিকার পাশাপাশি একাধিক পশ্চিমী দেশ ইজরায়েলকে সমর্থন জানিয়েছে। এই কঠিন সময়ে ভারতও যে ইজরায়েলের সঙ্গে আছে, তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

