উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’ ছবির (Haq Movie) মুক্তি রুখতে শাহ বানুর কন্যার আবেদন নাকচ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট (Madhya Pradesh High Court)। আদালত জানিয়েছে, সিনেমা বাস্তবের অনুকৃতি। অর্থাৎ কল্পিত কাহিনি। ‘বানু: ভারত কি বেটি’ (Bano: Bharat Ki Beti) নামের বই থেকে এর কাহিনি গ্রহণ করা হয়েছে।
আদালতের তরফে বলা হয়, এই সিনেমা কখনই দাবি করেনি যে, এটি একটি সত্য ঘটনা কিংবা ব্যক্তি চরিত্রের উপর নির্ভর করে তৈরি হয়েছে। আদালত এও জানিয়েছে, ছবির প্রযোজকরা জানিয়েছেন, ছবিটি শাহ বানু এবং ১৯৮৫ সালের ঐতিহাসিক রায়ের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে। ছবি নির্মাণের জন্য যেসব তথ্য জোগাড় করা হয়েছে, তার কোনওটাই মানুষের অজানা নেই। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আগামীকাল অর্থাৎ ৭ নভেম্বর।
প্রসঙ্গত, দেশের ইতিহাসে সাড়া জাগানো শাহ বানু মামলার প্রধান ‘চরিত্র’ প্রয়াত শাহ বানু বেগমের কন্যা, চলচ্চিত্র নির্মাতা এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। অভিযোগ ছিল, পরিবারের সম্মতি ছাড়াই শাহ বানুর ব্যক্তিগত জীবন নিয়ে ছবি তৈরি করেছেন নির্মাতারা। ছবি মুক্তির পাশাপাশি প্রচারও বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছিল। তবে এদিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

