নয়াদিল্লি: ২০০৮ সালের প্রথম আইপিএল। সেই আইপিএলের আসর যদি ক্রিকেটকে বদলে দিয়ে থাকে, তাহলে প্রথম আইপিএলের আসর আরও একটি কারণে মানুষের মনে থেকে গিয়েছে। সৌজন্যে হরভজন সিং ও শান্তাকুমারন শ্রীসান্ত। খেলার শেষে হরভজন চড় মেরেছিলেন শ্রীসান্তকে। ১৭ বছর পর সেই ঘটনা আচমকাই দুনিয়ার দরবারে টেনে আনেন আইপিএলের জনক ললিত মোদি। সমাজ মাধ্যমে সেই চড় কাণ্ডের ভিডিও প্রকাশ করে হইচই ফেলে দিয়েছেন তিনি। যার প্রতিক্রিয়া হয়েছে সাংঘাতিক। শ্রীসান্তের স্ত্রী থেকে শুরু করে বহু সাধারণ ক্রিকেটপ্রেমীও দীর্ঘসময় পর সেই ঘটনার ভিডিও সামনে নিয়ে আসার ঘটনার প্রতিবাদ করেন।
হরভজনও সেই তালিকায় ঢুকে পড়লেন। সর্বভারতীয় এক চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে গিয়ে ভাজ্জি শ্রীসান্তের কাছে ‘ক্ষমা’ চেয়ে নিয়েছেন। এমন ঘটনার জন্য তিনি ‘লজ্জিত’ বলেও দাবি করেছেন। শুধু তাই নয়, মোদি কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে এমন কাজ করেছেন বলে জানিয়ে তাঁকে ‘স্বার্থপর’ তকমাও দিয়েছেন। ভাজ্জির কথায়, ‘আমি ভুল করেছিলাম। সেই ঘটনার জন্য আমি লজ্জিতও। কিন্তু ঘটনার দীর্ঘসময় পর কেন সেই ভিডিও সমাজমাধ্যমে তুলে ধরা হল, বুঝলাম না। আমার ধারণা, হয়তো স্বার্থপর মোদির ভিন্ন কোনও উদ্দেশ্য রয়েছে।’ ২০০৮ সালের প্রথম আইপিএলের পর দীর্ঘসময় কেটে গিয়েছে। বদলে গিয়েছে ক্রিকেটও। সাধারণ ক্রিকেটপ্রেমীরা হয়তো সেই ঘটনার কথা ভুলেও গিয়েছিলেন। কিন্তু তারপরও সেটা খুঁচিয়ে সামনে নিয়ে আসা হয়েছে। হরভজনের কথায়, ‘আগেও বলেছি, আবারও বলছি, সেই সময় আমি ভুল করেছিলাম। তার জন্য ক্ষমাও চেয়েছি আমি। কিন্তু সম্প্রতি বিষয়টা যেভাবে সামনে আনা হল, সেটা উদ্দেশ্যপ্রণোদিত। ভিত্তিহীন।’



