হরিশ্চন্দ্রপুর: বিধানসভা ভোটের (WB Assembly Election 2026) আবহে এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur)। শাসকদলের (TMC) প্রার্থী মতিবুর রহমানের সমর্থনে আয়োজিত মিছিলে স্কুল পোশাক পরিহিত পড়ুয়াদের দেখা মেলায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কিছু নাবালক স্কুল পড়ুয়া তৃণমূল প্রার্থীর মিছিলে পা মিলিয়ে হাঁটছে, এমনকি কয়েকজনের কাঁধে রয়েছে দলীয় পতাকাও (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ অনলাইন)।
বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিনগর গ্রামে প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। অভিযোগ, সেই প্রচার মিছিলেই স্কুল থেকে ফেরার পথে বেশ কিছু কচিকাঁচাকে সামিল করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।


বিজেপির (BJP) উত্তর মালদা জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক কিষাণ কেডিয়া কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, “যাদের ভোটাধিকার নেই, তাদের কেন মিছিলে রাখা হয়েছে? তৃণমূলের দুর্নীতির কারণে সাধারণ মানুষ আর তাদের পাশে নেই, তাই এখন বাচ্চাদের মিছিলে নামাতে হচ্ছে। এটি স্পষ্টতই নির্বাচনী বিধিভঙ্গ।”
অভিযোগ অস্বীকার করেছেন প্রার্থী মতিবুর রহমান। তিনি বলেন, “আমি কোনো পড়ুয়াকে ডাকিনি। গ্রামের কচিকাঁচারা গাড়ি চড়ার আবদার করেছিল, তাই তাদের গাড়িতে তুলে নিয়েছিলাম।” জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনের দাবি, বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। পড়ুয়ারা স্কুল থেকে ফেরার পথে প্রার্থীর সঙ্গে কথা বলছিল মাত্র, তাদের হাতে কোনো পতাকা দেওয়া হয়নি।

