নয়াদিল্লি: দীর্ঘদিন পরে টানা দুটি অলিম্পিকে পদক জয়। স্বভাবতই উচ্ছ্বসিত গোটা দেশ। টানা দুই অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর এখন ভারতীয় হকি দলের সদস্যদের জাতীয় বীরের তকমা দেওয়া হচ্ছে। প্যারিস থেকে দেশের মাটিতে পা রাখতেই হরমনপ্রীত সিংদের রাজকীয় অভ্যর্থনা জানালেন দেশের ক্রীড়াপ্রেমী মানুষ। সকালে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে হকি দলকে স্বাগত জানাতে কয়েকশো সমর্থক উপস্থিত ছিলেন। দেশে ফিরেই নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে যান হরমনপ্রীতরা। সেখানে ধ্যানচাঁদের মূর্তিতে তাঁরা মাল্যদান করেন। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি পিআর শ্রীজেশ। তিনি অলিম্পিক সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন।
অভ্যর্থনা পেয়ে আপ্লুত অধিনায়ক হরমনপ্রীত। তিনি বলেছেন, ‘অনেক মানুষ আমাদের অভ্যর্থনা জানাতে এসেছেন। এটা একটা দারুণ অনুভূতি। আমরা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। যেখানেই খেলতে নামী পদক জেতাই লক্ষ্য থাকে।’ তিনি আরও যোগ করেছেন, ‘পরপর দু’বার ব্রোঞ্জ জিতেছি। এবারের পদক দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’ সহ অধিনায়ক হার্দিক সিং বলেছেন, ‘আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল। একজন ভুল করলে বাকিরা সেরা দিতে তৎপর হত। এটাই আমাদের পদক জিততে সাহায্য করেছে।’


এদিকে, ২০২৮ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান ভারতের তারকা মিডফিল্ডার মনপ্রীত সিং। প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, ‘আমি ফিটনেসের দিকে নজর দিচ্ছি। সবকিছু ঠিক থাকলে ২০২৮ পর্যন্ত খেলা চালিয়ে যাব।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল সোনা জয়। কিন্তু অল্পের জন্য আমরা সেই সুযোগ হাতছাড়া করেছি। শেষপর্যন্ত আমরা ব্রোঞ্জ জিতেছি।’

