উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত কিংবা গ্রীষ্ম, বাজারের থলিতে বিনস এখন বারোমাসি (Beans)। তবে কেবল ফ্রায়েড রাইস বা চাউমিনের অনুষঙ্গ হিসেবে নয়, পুষ্টিগুণের নিরিখে বিনস অনন্য। চিকিৎসকদের মতে, হার্ট সুস্থ রাখা থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ সবক্ষেত্রেই বিনসের ভূমিকা অপরিসীম। ভিটামিন এ, সি, কে এবং প্রচুর ফাইবার সমৃদ্ধ এই সবজি হজমশক্তি বাড়াতে এবং শরীরের বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে। এমনকি শরীরের ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা কমাতেও এর জুড়ি মেলা ভার।
এত গুণ থাকা সত্ত্বেও কেবল স্বাদের কারণে অনেকের কাছেই বিনস ব্রাত্য। তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন, রান্নার কৌশলে বদল আনলে বিনস হয়ে উঠতে পারে সুস্বাদু ও স্বাস্থ্যকর। স্বাদের সঙ্গে পুষ্টির মেলবন্ধন ঘটাতে ট্রাই করতে পারেন এই তিনটি রেসিপি:
মাখন-গোলমরিচ ও বাদাম: ভাপানো বিনস সামান্য মাখনে ২-৩ মিনিট নাড়াচাড়া করে নিন। স্বাদ বাড়াতে গোলমরিচ গুঁড়ো এবং রোস্ট করা চিনেবাদাম মিশিয়ে নিন। বাদামের স্বাস্থ্যকর ফ্যাট আর বিনসের ভিটামিন মিলে এটি একটি আদর্শ ‘হেলথ ডিশ’ হয়ে উঠবে।
দক্ষিণ ভারতীয় পোরিয়াল: ছোট করে কাটা বিনস ভাপিয়ে নিন। কড়াইয়ে সরষে, বিউলির ডাল, কারিপাতা ও শুকনো লংকা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। এরপর বিনস দিয়ে তাতে নারকেল ও কাঁচা লংকা বাটা মিশিয়ে মিনিট পাঁচেক রান্না করুন।
স্টার-ফ্রাই বিনস: বিনস অর্ধেক করে কেটে নুন জলে ভাপিয়ে নিন। কড়াইয়ে সামান্য তলে রসুন কুচি ফোড়ন দিয়ে ভাপানো বিনস ৩-৪ মিনিট নেড়ে নিন। নামানোর আগে ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিন। এটি প্রাতরাশে ডিম সেদ্ধ বা টোস্টের সঙ্গে দারুণ লাগে।
এই পদ্ধতিতে বিনস রান্না করলে একদিকে যেমন তার খাদ্যগুণ বজায় থাকে, তেমনি ছোট-বড় সকলের কাছেই তা মুখরোচক হয়ে ওঠে। সুস্থ থাকতে তাই প্রতিদিনের ডায়েটে বিনস রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

