উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিকেলের জলখাবার হোক বা অতিথি আপ্যায়ন—বাঙালির পাতে কচুরি মানেই জিভে জল। কিন্তু ডুবো তেল আর ময়দার ভয়ে ডায়েট সচেতন বা হৃদরোগীরা এই সুখাদ্য থেকে দূরেই থাকেন। ভোজনরসিকদের সেই আক্ষেপ মেটাতে এবার হাজির এক অভিনব রেসিপি (Recipe)। নামমাত্র ঘি আর সুজি-দইয়ের মেলবন্ধনে তৈরি এই ‘দই কচুরি’ স্বাদ ও স্বাস্থ্যের এক নিখুঁত ব্যালেন্স।
এই রেসিপির বিশেষত্ব হল এর উপকরণ। ময়দার বদলে এখানে ব্যবহার করা হয়েছে হজমে সহায়ক সুজি। আর পুর হিসেবে থাকছে প্রোটিনে ভরপুর পনির ও জল ঝরানো দই। সবচেয়ে বড় চমক হল, এটি ভাজার জন্য কড়াই ভর্তি তেলের প্রয়োজন নেই, সামান্য দেশি ঘিয়ে সেঁকে নিলেই তৈরি।
উপকরণ:
১ কাপ সুজি
চিলি ফ্লেক্স
ধনেপাতা কুচি
১ টেবিল চামচ ঘি ও নুন
১ কাপ জল ঝরানো দই
৫০ গ্রাম কোড়ানো পনির
কাঁচা লংকাকুচি
একটি পেঁয়াজকুচি
ধনেপাতা
বাইন্ডিংয়ের জন্য ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
প্রণালী:
প্রথমে এক কাপ ফুটন্ত জলে নুন, চিলি ফ্লেক্স, ধনেপাতা ও ঘি দিয়ে সুজি মিশিয়ে নিন। জল শুকিয়ে এলে ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে একটি নরম মণ্ড তৈরি করুন। অন্য একটি পাত্রে দই, পনির, পেঁয়াজ, লংকা ও কর্নফ্লাওয়ার দিয়ে পুর বানিয়ে নিন। এবার সুজির মণ্ড থেকে লেচি কেটে মাঝে পুর ভরে মুখ বন্ধ করে দিন। সবশেষে একটি ‘আপ্পে প্যান’ (Appe Pan)-এ সামান্য ঘি দিয়ে কচুরিগুলো ধিমে আঁচে উলটেপালটে লালচে ও মুচমুচে করে সেঁকে নিন।
গরম গরম এই দই কচুরি পুদিনার চাটনি বা তেঁতুলের সসের সঙ্গে পরিবেশন করুন। এখন থেকে ডায়েট মেনেও রাজকীয় স্বাদের আনন্দ নিতে বাধা নেই কোনও!

