উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈশাখের তপ্ত দুপুরে বাইরে বইছে লু। সূর্যের প্রখর তেজে যখন জনজীবন ওষ্ঠাগত, তখন বাড়িতে অতিথি এলে তাঁদের শরীর ও মন জুড়োতে গৃহকর্তার কপালে চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক। বাজারচলতি কৃত্রিম পানীয়ের চেয়ে বাড়িতে তৈরি স্বাস্থ্যকর পানীয় যেমন তৃপ্তিদায়ক, তেমনই উপকারী। পাকা আম আর দইয়ের যুগলবন্দিতে তৈরি এক গ্লাস ঘন ‘ম্যাঙ্গো লস্যি’ নিমেষেই আতিথেয়তা জমিয়ে দিতে পারে। রইল সহজ ঘরোয়া রেসিপি:
উপকরণ:
-
পাকা আমের টুকরো: ১ কাপ
-
টক দই (লো ফ্যাট): ১ কাপ
-
ঠান্ডা দুধ: ১/২ কাপ
-
মধু বা প্রাকৃতিক সুইটনার: ১-২ টেবিল চামচ
-
এলাচ গুঁড়ো: ১ চিমটি
-
বরফ কুচি: প্রয়োজনমতো
প্রণালী:
পদ্ধতিটি অত্যন্ত সহজ। প্রথমে একটি ব্লেন্ডারে পাকা আমের টুকরোগুলো নিয়ে মসৃণ করে পেস্ট বানিয়ে নিন। আমের পাল্প তৈরি হয়ে গেলে তার মধ্যে একে একে টক দই, ঠান্ডা দুধ ও মধু দিয়ে দিন। সুন্দর সুগন্ধের জন্য এক চিমটি এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। এবার সবকটি উপকরণ একসঙ্গে বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নিন।
মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে কয়েক টুকরো বরফ কুচি দিয়ে আরও একবার হালকা ব্লেন্ড করে নিন। ব্যস, তৈরি আপনার আম লস্যি! এবার সুন্দর কাঁচের গ্লাসে ঢেলে উপর থেকে সামান্য আমের কুচি ছড়িয়ে পরিবেশন করুন। অল্প সময়ে তৈরি এই পুষ্টিকর পানীয় শরীরের আর্দ্রতা ধরে রাখতে এবং আপনাকে দিনভর চনমনে রাখতে সাহায্য করবে।



