উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হিমাচল মানেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড় আর হাড়কাঁপানো ঠান্ডা। আর এই ঠান্ডায় শরীর ও মনকে উষ্ণতা জোগাতে যার জুড়ি মেলা ভার, তা হলো হিমাচলের ঐতিহ্যবাহী পাহাড়ি রুটি ‘সিড্ডু’। এক সময় যাযাবর মেষপালকদের হাত ধরে যাত্রা শুরু করা এই খাবার আজ দিল্লি বা মুম্বইয়ের অভিজাত রেস্তরাঁতেও সমান জনপ্রিয়।
কীভাবে বানাবেন বাড়িতে? ভোটের ব্যস্ততায় পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও, সামান্য ধৈর্য ধরলে নিজের রান্নাঘরেই তৈরি করে নিতে পারেন এই পাহাড়ি স্বাদ।


-
উপকরণ: আটা (বা চালের গুঁড়ো), শুকনো ইস্ট, সামান্য চিনি, লবণ, ঘি এবং হালকা গরম জল।
-
পুরের জন্য: ভেজানো বিউলির ডাল বাটা, আদা কুচি, কাঁচা লঙ্কা, হিং, লাল মরিচ গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো ও ধনে পাতা।
প্রণালী: ১. ইস্ট ও হালকা গরম জল দিয়ে আটা মেখে অন্তত ৩-৪ ঘণ্টা ঢেকে রাখুন। ইস্টের প্রভাবে আটা ফুলে উঠলে বুঝতে হবে মণ্ড তৈরি। ২. ডাল বাটার সঙ্গে আদা, লঙ্কা, হিং ও মশলা মিশিয়ে পুর তৈরি করে নিন। ৩. এবার আটার লেচির ভেতরে পুর ভরে অর্ধচন্দ্রের মতো আকার দিন এবং ধারের দিকগুলো মুড়িয়ে নকশা করুন। ৪. স্টিমারে দিয়ে অন্তত ২০ মিনিট ভাপিয়ে নিন।
পরিবেশনের সময় গরম গরম সিড্ডুর ওপর ভালো করে ঘি মাখিয়ে দিন। সঙ্গে থাকুক ধনেপাতার চাটনি। উৎসবের মরসুমে বা ঘরোয়া আড্ডায় ডাইনিং টেবিলে পাহাড়ের এই স্বাদ নিশ্চিতভাবেই নতুন মাত্রা যোগ করবে।

