বৈষ্ণবনগর: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) প্রচার তুঙ্গে। শুক্রবার মালদার (Malda) বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগরের চুরি-অনন্তপুর এলাকায় বিজেপি প্রার্থী রাজু কর্মকারের সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। সেখান থেকেই পশ্চিমবঙ্গ সরকারকে অনুপ্রবেশ ও উন্নয়ন ইস্যুতে তীব্র আক্রমণ শানান তিনি।
এদিন জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যু তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) সরাসরি নিশানা করেন হিমন্ত। তিনি দাবি করেন, “অনুপ্রবেশকারীদের সঙ্গে মমতার ‘ইলু-ইলু’ সম্পর্ক—আই লাভ ইউ সম্পর্ক রয়েছে।” তাঁর অভিযোগ, ভোটব্যাঙ্ক রাজনীতির স্বার্থেই সীমান্তবর্তী এলাকায় জমি অধিগ্রহণ করতে দিচ্ছে না রাজ্য সরকার, যার ফলে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ থমকে রয়েছে। এর সুযোগ নিয়েই অনুপ্রবেশকারীরা অবাধে ঢুকছে।


বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে মাছ-মাংস বন্ধ হয়ে যাবে—তৃণমূলের এই প্রচারকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আসামে বিজেপি সরকার রয়েছে, সেখানে মানুষ নিয়মিত মাছ-মাংস খান। বরং তৃণমূলের সঙ্গে আমাদের কে বেশি মাছ-মাংস পছন্দ করে, তা নিয়ে প্রতিযোগিতা হতে পারে।”
এদিন তিনি স্পষ্ট জানান, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরোধী নয়, তবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত বিধানসভা নির্বাচনে অল্প ব্যবধানে পরাজয়ের প্রসঙ্গ টেনে হিমন্ত দাবি করেন, ভোটার তালিকা সংশোধনের ফলে এবার অনেক ভুয়ো নাম বাদ পড়েছে, যা বিজেপিকে জয়ের পথে এগিয়ে রাখবে।
প্রখর রোদের মধ্যেও এদিনের জনসভাকে কেন্দ্র করে বৈষ্ণবনগর এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা গেছে।

