লুসানে: অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পুরস্কার। র্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি ঘটল ভারতীয় পুরুষ হকি দলের। এই মুহূর্তে হরমনপ্রীত সিংরা পঞ্চম স্থানে উঠে এসেছেন। অলিম্পিক শুরুর আগে ভারত সপ্তম স্থানে ছিল। আসলে এফআইএইচ প্রো লিগে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি ভারতীয়রা। কিন্তু প্যারিস অলিম্পিকে অনবদ্য পারফরমেন্স তুলে ধরেন। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর মঞ্চে ৫টি ম্যাচে জয় পেয়েছেন ক্রেগ ফুলটনের ছেলেরা।
পুরুষদের হকিতে শীর্ষে অলিম্পিকে সোনাজয়ী নেদারল্যান্ডস। তাদের পয়েন্ট ৩১৬৮.০১। দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিকে রুপোজয়ী জার্মানি। তাদের সংগ্রহ ৩০৩৫.২৮ পয়েন্ট। ইংল্যান্ড ২৯৭৩.৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ও গত অলিম্পিকের সোনাজয়ী বেলজিয়াম ২৯৫৮.৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ভারতের সংগ্রহ ২৮৪৮.৬৭ পয়েন্ট।


পুরুষদের পাশাপাশি মহিলাদের হকিতেও র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে ডাচরা। ভারতীয় মহিলা দল অবশ্য নবম স্থানে রয়েছে। সদ্যসমাপ্ত প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। গত অলিম্পিকে অবশ্য চতুর্থ স্থানে শেষ করেছিল ভারতীয় মহিলা হকি দল।

