উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উৎসব মানেই রংয়ের মেলা আর কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া (Holi)। কিন্তু উৎসবের আনন্দ ফিকে হতে পারে যদি পরের দিন থেকেই শুরু হয় পেটের গুড়গুড়। রং মাখা হাতে খাওয়ার ফলে শরীরে রাসায়নিক ঢোকা কিংবা অতিরিক্ত তেল-মশলায় গ্যাস-অম্বল— এই সব সমস্যা নিয়ে অফিসে যাওয়া মুশকিল হয়ে যায়। তাই চটজলদি সুস্থ হতে মেনে চলুন এই টিপসগুলি:
১. নোংরা হাত বা মশলাদার খাবার থেকে ডায়ারিয়া হওয়া অস্বাভাবিক নয়। বারবার মলত্যাগের ফলে শরীর থেকে মিনারেল বেরিয়ে ডিহাইড্রেশন হতে পারে। এই অবস্থায় জলের বিকল্প নেই। ওআরএস (ORS), ডাবের জল বা নুন-চিনি-লেবুর শরবত খান। তবে খবরদার, চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনও অ্যান্টিবায়োটিক খাবেন না।
২. খাওয়ার অনিয়মে বমি হলে ঘাবড়াবেন না। বমি হলে শরীর হালকা হয়, তবে শরীর যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখুন। বমিভাব থাকলে ভারী খাবার এড়িয়ে শুধু জল বা হালকা তরল খাবার খান। সমস্যা না কমলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
৩. অতিরিক্ত ভাজাভুজিতে চোঁয়া ঢেকুর বা বুক জ্বালা করলে প্রথমেই চুমুক দিন ঈষদুষ্ণ জলে। এতে পাকস্থলী শান্ত হয়। ঘরোয়া টোটকা হিসেবে জিরে ভেজানো জল দারুণ কার্যকর। খুব বেশি অস্বস্তি হলে চিকিৎসকের পরামর্শে লিক্যুইড অ্যান্টাসিড খেতে পারেন।

