উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধনে বিকেলের আড্ডাকে আরও মুখরোচক করে তুলতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সেরা কিছু চিকেন স্ন্যাক্স (Chicken Snacks)। বাজারের কেনা খাবারে অনেক সময় প্রিজারভেটিভ থাকে, তাই ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই পদগুলি যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। রইল সেসব সুস্বাদু রেসিপি (Recipe)।
মুচমুচে চিকেন স্ট্রিপ


হাড় ছাড়া মুরগির মাংস লম্বা ও পাতলা করে কেটে নিন। তাতে নুন, লেবুর রস, গোলমরিচ ও রসুন বাটা মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন। এরপর মাংসের টুকরোগুলো প্রথমে ময়দায় কোট করে ফেটানো ডিমে চুবিয়ে নিন। সবশেষে গুঁড়ো করা কর্নফ্লেক্স মাখিয়ে ডুবো তেলে সোনালি করে ভাজলেই তৈরি মচমচে চিকেন স্ট্রিপ।
চিকেন চিজ বল
চিকেন কিমার সঙ্গে আদা-রসুন-পেঁয়াজ বাটা, নুন, গোলমরিচ, জিরে-ধনে গুঁড়ো ও লেবুর রস মাখিয়ে পেস্ট করে নিন। এতে সামান্য মাখন ও ব্রেড ক্রাম্ব মিশিয়ে ছোট ছোট বল তৈরি করুন। বলের মাঝখানে একটি করে চিজের কিউব দিয়ে দিন। এরপর ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে অল্প আঁচে ভেজে নিন।
ঘরোয়া চিকেন সালামি
বাড়িতে সালামি বানানো অত্যন্ত সহজ। ৫০০ গ্রাম চিকেন কিমাকে মিক্সারে মসৃণ করে বেটে নিন। এতে ১ চামচ আদা-রসুন বাটা, ১ চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য লংকা গুঁড়ো, নুন এবং ২ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিন। এবার একটি অ্যালুমিনিয়াম ফয়েলে এই মিশ্রণটি ভরে দুই মুখ সিল করে ভাপে রান্না করুন। ঠান্ডা হলে ফ্রিজে ২ ঘণ্টা রেখে দিন। এরপর ফয়েল খুলে চাকা চাকা করে কেটে হালকা মাখনে ভেজে নিলেই তৈরি ফ্রেশ সালামি। এটি স্যান্ডউইচ বা স্যালাডে দারুণ লাগে।

