উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হুগলির গৌরহাটি ইএসআই হাসপাতালের (Gaurhati ESI Hospital) স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও (যার সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ অনলাইন) ঘিরে রাজ্যজুড়ে শোরগোল শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাসপাতালের প্রসূতি বিভাগের একটি শয্যায় আয়েশ করে শুয়ে আছে একটি পথকুকুর! অথচ সেই কক্ষেই অন্য বেডগুলোতে রোগিণীরা চিকিৎসাধীন।
ভাইরাল হওয়া সেই দৃশ্যে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডের ওপর কখনও বসে, আবার কখনও গড়াগড়ি খাচ্ছে একটি সারমেয়। পাশের শয্যাতেই শুয়ে রয়েছেন অসুস্থ রোগিণীরা। আরও অবাক করা বিষয় হলো, হাসপাতালের নার্স বা স্বাস্থ্যকর্মীরা বিষয়টি নিয়ে মোটেও বিচলিত নন। তাঁরা নিজেদের মতো কাজ করে চলেছেন, আর অসহায়ভাবে সেই দৃশ্য দেখছেন রোগিণীরা।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি (BJP)। বুধবার হুগলিতে দলীয় কর্মসূচিতে এসে বিজেপি নেত্রী কেয়া ঘোষ কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘এ রাজ্যে এটাই স্বাভাবিক দৃশ্য। মানুষের বিছানায় কুকুর থাকবে, এটাই দুর্ভাগ্যের। কয়েকদিন আগে দেখা গিয়েছে শিশুর মাথা নিয়ে যাচ্ছে কুকুর, আর এখন সরকারি হাসপাতালে তাদের অবাধ যাতায়াত।’ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, চটকল শ্রমিকরা চিকিৎসা করাতে গেলে প্রায়ই ‘বেড নেই’ বলে ফিরিয়ে দেওয়া হয়। অথচ সেই বেড দখল করে রাখছে কুকুর।
ঘটনাটি নিয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (MLA Asit Majumdar) জানান, বিষয়টি তাঁর জানা ছিল না এবং তিনি খোঁজ নিয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলবেন। অন্যদিকে, গৌরহাটি ইএসআই হাসপাতালের সুপার সোমনাথ পাণ্ডে স্বীকার করেছেন যে ভিডিওটি তিনি দেখেছেন। তিনি বলেন, ‘হাসপাতালের বেডে কুকুর থাকা অত্যন্ত অনভিপ্রেত। কেন এমন হলো তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো আধিকারিকের গাফিলতি থাকলে তাঁকে শোকজ করা হবে।’ পাশাপাশি তিনি হাসপাতালের বিশাল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তারক্ষীর অভাবকেও দায়ী করেছেন এবং দ্রুত রক্ষী বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

