উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বেঙ্গালুরুতে ভয়াবহ বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতরভাবে জখম হলেন হরিহরপাড়া ও বহরমপুরের ৭ পরিযায়ী শ্রমিক। প্রত্যেকের শরীরের পুরোটাই প্রায় ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর বিরডি কারনানি এলাকায়। সেখানে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন হরিহরপাড়া ও বহরমপুরের ৭ পরিযায়ী শ্রমিক। দুই মাস আগে তাঁরা রুটিরুজির খোঁজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজে। এদিন তাঁরা প্রত্যেকেই ঘুমিয়ে ছিলেন। রাত দুটো নাগাদ গ্যাস সিলিন্ডারের রেগুলেটর থেকে গ্যাস লিক হয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে গোটা ঘরে। বিকট শব্দ ও আর্তনাদ শুনে স্থানীয়রা বাসিন্দারা ছুটে আসেন। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় সিটি মার্কেট হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সাতজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেই ৮০-৯০ শতাংশ অগ্নিদ্গ্ধ হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন হরিহরপাড়া থানার খিদিরপুর গ্রামের বাসিন্দা জাহেদ আলি। বাকি ছজন বহরমপুর থানার পীরতলা এলাকার বাসিন্দা মিনারুল শেখ, তাজিবুল শেখ, হাসান মল্লিক, জয়বুর শেখ, নূর জামাল শেখ। এদিকে ঘটনার খবর আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন হরিহরপাড়া ও বহরমপুরে ওই শ্রমিকদের পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

