উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ন্যাকস হিসেবে সিঙ্গাড়া চাহিদা বিপুল। যদি এই সিঙ্গাড়ায় একটু ট্যুইস্ট আনা যায় তাহলে কেমন হয়! তাহলে সময় নষ্ট না করে বানিয়ে ফেলুন মিষ্টি সিঙাড়া। ভাবছেন এমনটা কী করে সম্ভব? দেখে নিন রেসিপি।
উপকরণ: একটা গোটা নারকেল কোরা, ময়দা পরিমাণমতো, পেঁয়াজ কুচি, ভাজা চিনেবাদাম, কাঁচা লংকা কুচি, পাতিলেবুর রস, স্বাদমতো নুন ও চিনি, ভাজার জন্য সাদা তেল।
পদ্ধতি: নারকেলে কোরার সঙ্গে পেঁয়াজ কুচি, ভাজা চিনেবাদাম, কাঁচা লংকা কুচি, পাতিলেবুর রস, স্বাদমতো নুন ও চিনি ভালো করে মিশিয়ে নিন। অন্য একটা পাত্রে ময়দার মধ্যে পরিমাণমতো ঘি বা সাদা তেল এবং স্বাদ মতো নুন মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে মণ্ড তৈরি করে নিন। ময়দার মণ্ড ১৫ মিনিট একটি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন।
এবার ময়দার মণ্ড থেকে লেচি কেটে লুচির মতো একটু মোটা করে বেলে নিতে হবে। তারপর লুচির মাঝখান থেকে ছুরি দিয়ে অর্ধেক কেটে নিন। সিঙাড়ার আকারে গড়ে তার মধ্যে নারকেলের পুর ভরে নিয়ে মুখটা ভালো ভাবে আটকে দিতে হবে। কড়াইয়ে তেল গরম করে ভেজে নিন সবকটা সিঙাড়া। গরম গরম পরিবেশন করুন।

