উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাউথিদের (Houthi) বিরুদ্ধে গোপন অভিযান আমেরিকার (US)। সেই অভিযানে নিখোঁজ দুই মার্কিন কমান্ডো। তাঁদের উদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।
প্রায় মাস দুয়েক ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে লোহিত সাগর। সেখানে পণ্যবাহী জাহাজগুলিতে হামলা চালাচ্ছে ইয়েমেনের হাউথিরা। ইরানের মদতপুষ্ট এই জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে আমেরিকা। ১১ জানুয়ারি ইয়েমেনে হাউথিদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ব্রিটেন ও আমেরিকা। এই পরিস্থিতিতে হাউথিদের অস্ত্রভাণ্ডার খুঁজে বের করতে গোপন অভিযান শুরু করেছে মার্কিন নৌবাহিনী।
গত ১১ জানুয়ারি আরব সাগরে নোঙর করে মার্কিন রণতরী USS Lewis B Puller। সোমালিয়া (Somalia) উপকূলে থাকা জাহাজটি থেকে অভিযান শুরু করে মার্কিন নৌসেনার নেভি সিলস। আন্তর্জাতিক জলসীমায় নজরদারির পাশাপাশি হাউথিদের অস্ত্রভাণ্ডার খুঁজে বের করারও নির্দেশ দেওয়া হয়েছিল। তল্লাশির পর হাউথিদের অস্ত্রভাণ্ডারের খোঁজ মেলে। বাজেয়াপ্ত করা হয় অস্ত্র। সেই অভিযানে গিয়েই নিখোঁজ হন ২ মার্কিন কমান্ডো। তাঁদের উদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। মার্কিন সেনার ১১টি কমব্যাট কমান্ডোর মধ্যে অন্যতম সেন্টকম। এর আওতায় পড়ে মধ্যপ্রাচ্য।

