উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডিনারে ভাতের বদলে অনেকেরই প্রথম পছন্দ রুটি। তবে সাধারণ রুটির বদলে যদি পাতে পড়ে গরম গরম তুলতুলে গার্লিক নান, তবে তো আর কথাই নেই! বিশেষ করে বাড়িতে যদি চিকেন ভর্তা বা বাটার চিকেনের মতো সুস্বাদু কোনও পদ রান্না হয়, তবে রেস্তোরাঁর আমেজ ঘরে আনতেই পছন্দ করেন ভোজনরসিকরা। কিন্তু তন্দুর নেই বলে অনেকেই বাড়িতে নান বানাতে দ্বিধাবোধ করেন। চিন্তার কিছু নেই, ঘরোয়া তাওয়াতেই এখন তৈরি করা সম্ভব নরম ও সুস্বাদু গার্লিক নান। কীভাবে বানাবেন? জেনে নিন (Garlic Naan Recipe)।
প্রণালী


প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে তাতে পরিমাণমতো টক দই, ইস্ট, নুন এবং সামান্য তেল মিশিয়ে নিন। খুব ভালো করে ময়দা ঠাসতে হবে। ময়দা যত নরম করে মাখা হবে, নানও ততটাই তুলতুলে হবে। এরপর মাখা ময়দার মণ্ডটি একটি ভিজে সুতির কাপড়ে মুড়ে অন্তত এক থেকে দুই ঘণ্টা রেখে দিন। এতে মিশ্রণটি ফুলে উঠবে এবং নানের ভেতরে জালের মতো গঠন তৈরি হবে।
এবার একটি ছোট পাত্রে মাখন গলিয়ে তাতে মিহি করে কুচানো রসুন ও ধনেপাতা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখুন। ময়দা সেট হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে ডিম্বাকৃতি করে বেলে নিন। এরপর নানের ওপরের অংশে সামান্য রসুন কুচি ও ধনেপাতা ছড়িয়ে চেপে দিন।
নানের যে পাশে রসুন নেই, সেই উলটো পিঠে সামান্য জল লাগিয়ে গরম তাওয়ার ওপর বসিয়ে দিন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে দেখবেন নানটি ফুলে উঠছে। এরপর তাওয়াটি উলটে আগুনের শিখার ওপর সরাসরি ধরে নানটি সেঁকে নিন। সবশেষে গরম নানের ওপর আগে থেকে তৈরি করে রাখা গার্লিক বাটার মাখিয়ে নিন।
ব্যস! তৈরি আপনার গরম গরম গার্লিক নান। তন্দুর ছাড়াই সাধারণ তাওয়ায় তৈরি এই নান স্বাদে ও গন্ধে টেক্কা দেবে যেকোনো নামী রেস্তোরাঁকেও।

