উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈশাখের দাপটে দক্ষিণবঙ্গ কার্যত ফুটছে। এই প্যাচপ্যাচে গরমে এক গ্লাস ঠান্ডা শরবত যেন অমৃত। তবে রোজকার আম পোড়া শরবত বা লস্যি খেয়ে যদি মুখ পচে গিয়ে থাকে, তবে এবার বাড়িতেই ট্রাই করুন একেবারে অন্যরকম ‘কাঁচা আমের বোবা ড্রিংকস’। ভাবছেন তো ক্যাফে বা নামী রেস্তোরাঁ ছাড়া এই ড্রিংকস কোথায় পাবেন? চিন্তা নেই, ঘরোয়া উপকরণেই ঝটপট বানিয়ে নেওয়া যায় এই রিফ্রেশিং পানীয়।
নিচে দেওয়া হল বানানোর সহজ পদ্ধতি:


কী কী লাগবে?
-
কাঁচা আম: ৩টি
-
চিনি: ৩-৪ টেবিল চামচ
-
সাবুর গুঁড়ো: ১ কাপ
-
বিটনুন: আধা চা-চামচ
-
পুদিনা পাতা কুচি: ১ চা-চামচ
-
বরফ কুচি: আন্দাজমতো
-
ভ্যানিলা আইসক্রিম: ২ কাপ (স্বাদ বাড়াতে চাইলে ব্যবহার করতে পারেন)
কীভাবে বানাবেন?
১. প্রথমেই সাবু ভালো করে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিন। ২. কাঁচা আম ছোট ছোট টুকরো করে অল্প জলে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে আমটা ভালো করে ব্লেন্ড করে মণ্ড বানিয়ে নিন। ৩. এবার ২ টেবিল চামচ আমের মণ্ড, সাবুর গুঁড়ো এবং সামান্য চিনি একসঙ্গে মেখে রুটির মতো একটা মণ্ড (ডো) তৈরি করুন। ৪. ওই মণ্ড থেকে ছোট ছোট বল পাকিয়ে নিন। এই বলগুলো ফুটন্ত জলে ২-৩ মিনিট সেদ্ধ করে ছেঁকে তুলে নিন। তৈরি আপনার ‘বোবা বল’। ৫. এবার বাকি আমের মণ্ডের সঙ্গে জল, চিনি, বিটনুন আর পুদিনা পাতা দিয়ে আরও একবার ব্লেন্ড করে শরবত তৈরি করে নিন। ৬. সবশেষে পরিবেশনের পালা। গ্লাসে আগে সেদ্ধ করা আমের বল আর বরফ কুচি দিন। ওপর থেকে ঢেলে দিন আমের শরবত। ব্যস, তৈরি আপনার ঠান্ডা ঠান্ডা ‘কাঁচা আমের বোবা ড্রিংকস’।
টিপস: যদি একটু ক্রিমি স্বাদ পেতে চান, তবে ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে আমের মণ্ড মিশিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। সেটা গ্লাসে ঢেলে ওপরে আমের বল ছড়িয়ে পরিবেশন করুন।
গুমোট গরমে বাড়ির খুদে থেকে বড়— এই পানীয় চেখে দেখলে তৃপ্তি পাবে সবাই!

