কীভাবে শিশুদের স্বাস্থ্যকর খাবার অভ্যাস শেখাবেন?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে শিশু-কিশোরদের মধ্যেও ওবেসিটির সংখ্যা বাড়ছে। লোভনীয় অজস্র খাবারের অপশন তাদের হাতের কাছেই রয়েছে। এই পরিস্থিতিতে বাচ্চার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার দায়িত্বটা মা-বাবাকেই নিতে হবে। ধীরে ধীরে পরিবর্তন নিয়ে আসুন রোজের খাদ্যতালিকায়। পুরো পরিবারের সকলে একসঙ্গে বসে খান এবং দু’ বছর বয়সের পর বাচ্চারও সেই খাবারটাই খাওয়ার অভ্যেস তৈরি করা দরকার।

ঘুম থেকে উঠে কেবল একগ্লাস দুধ আর একটা বিস্কুট খাইয়ে বাচ্চাকে স্কুলে পাঠাবেন না৷ অনেক বাচ্চার সকালে উঠতেই এত দেরি হয়ে যায় যে তারা কিছুই না খেয়ে স্কুলে চলে যায়৷ ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যে সকলকে কিছু না কিছু খেতেই হয়, তা না হলে ঘাটতি আসবে এনার্জি লেভেলে৷ দুধ, মুড়ি, কলা, সাধারণ কর্নফ্লেক্স, চিড়ের পোলাও বা জ্যাম-পিনাট বাটার স্যান্ডউইচ- কিছু একটা খাইয়ে তবেই বাড়ি থেকে ছাড়ুন৷

স্কুলের টিফিনে কী দেবেন সেটা নিয়েও অল্পবিস্তর ভাবনাচিন্তা করা দরকার৷ সব রকম সবজি মেশানো উপমা বা ভেজিটেবল ফ্রায়েড রাইস দিতে পারেন৷ ফ্রায়েড রাইসে চিকেন-ডিমও মেশানো যায়৷ চিকেন বা ডিমসেদ্ধ দেওয়া স্যান্ডউইচও ভালো লাগে খেতে৷ স্যান্ডউইচ স্প্রেড তৈরির জন্য মেয়োনিজ়ের বদলে বাড়িতে পাতা দই সারা রাত ঝুলিয়ে রেখে জলটা বের করে দিন৷ তার পর সামান্য নুন-মিষ্টি, সরষের গুঁড়ো বা কাসুন্দি, রসুন, ধনেপাতাকুচি মিশিয়ে ডিপ তৈরি করে নিতে পারেন৷ একটু শুকনো করে নেওয়া ঘুগনি বা ছোলাও দেওয়া যায়৷ ছানা, ডিম বা চিকেনের পুর দিয়ে রুটি বা সামান্য তেলে সেঁকা পরোটার রোলও করে দিতে পারেন৷ এমন কিছু না দেওয়াই ভালো যেটা থেকে রস বেরিয়ে ব্যাগ-বইখাতা ভিজিয়ে দেবে৷ কোনওদিন ফল কেটে দিলেও জ়িপ লক পাউচে দেওয়ার ব্যবস্থা করুন, একই কথা রায়তার ক্ষেত্রেও খাটে৷ খাবারটা দেখতে যেন রঙিন হয়, সে ব্যাপারে যত্নশীল হবেন৷

খাবার সুস্বাদু করে তোলার জন্য সামান্য নুন-গোলমরিচ-চিনি-লেবুর রস বা জিরে-ধনে-গরম মশলা শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে মেশান৷ খাবারে অতিরিক্ত তেল, চিনি বা নুন থাকলে কিন্তু শিশুর জিভে সেটাই অভ্যেস হয়ে যাবে, তখন সে আর হালকা-সহজপাচ্য খাবার খেতেই চাইবে না৷ সেই বুঝে রান্না করুন৷ প্রতিদিনের খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সব থাকা দরকার৷ দুধ বা ছানা, প্রসেস না হওয়া চিজ়, দই ইত্যাদিও খাওয়াতে হবে৷ কোনও পরিস্থিতিতেই ‘আপেলটা খেয়ে নাও, তা হলে চকোলেট দেবো’ বলবেন না, তা হলে সেটাতেই অভ্যেস হয়ে যাবে৷ সবচেয়ে ভালো হয় যদি পুরো পরিবারের সবাই এই নিয়মগুলো মেনে খাওয়াদাওয়া করতে পারেন৷

মরশুমি ফলের রস, ফুল ফ্যাট মিল্ক বা ইয়োগার্ট দিয়ে দারুণ আইসক্রিম বানানো যায় বাড়িতেই৷ কোল্ড কফি বা মিল্ক শেক বানানোও সহজ৷ বাইরে গিয়ে এগুলো খাওয়ানোর বদলে ঘরেই বানিয়ে ফেলুন, দরকারে বাচ্চাকেও সঙ্গে নিন৷ কেক-কুকিজ়ও বাড়িতে বানাতে পারলেই ভালো হয়, কারণ তা হলে আপনি রেসিপিগুলিকে স্বাস্থ্যকর করে তুলতে পারবেন৷ বাড়তি চিনি বা ময়দার বদলে মধু, ড্রাই ফ্রুট, আমন্ডের ময়দা দিয়ে কেক-বিস্কিট বানানো সম্ভব৷ ময়দার বদলে ওটস দিয়ে প্যানকেকও বানানো যায়৷আজকাল বাচ্চাদের মনপসন্দ খাবার স্বাস্থ্যকর পদ্ধতিতে বানানোর জন্য অজস্র অ্যাপ ও রান্নার বই আছে৷ হাতের কাছে তেমন কিছু রাখলেও সুবিধে হবে৷

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipes | অফিসের লাঞ্চবক্সের জন্য ৫টি চটজলদি ও পুষ্টিকর রেসিপি! একঘেয়েমি কাটবে নিমেষেই

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অফিসে দুপুরের খাবারের মেনু নিয়ে...

Recipe | দুপুরের মেনুতে নতুনত্ব আনুন, শিখে নিন আমন্ড দিয়ে পাঁঠার মাংসের রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির ভোজনরসিক মন মানেই পাঁঠার মাংসের...

Recipe | রোজকার একঘেয়ে তরকারি বাদ দিন, স্বাদ বদলাতে বানিয়ে নিন ‘পটল মুগেশ্বরী’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ সেই একঘেয়ে পটলের ঝোল...

Recipe | নিরামিষেই বাজিমাত! একঘেয়ে পনির ছেড়ে এবার চেখে দেখুন ‘ছানার ডাব মালাই’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির হেঁশেলে পনির বা ছানার...