উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে ৩০ রানে হারের পর থেকেই উইকেট নিয়ে আলোচনা তুঙ্গে। তবে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এই সব গুঞ্জন সরাসরি খারিজ করে দিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, পিচ মোটেও ‘খেলার অযোগ্য’ ছিল না এবং কিউরেটরের কাছে যেমনটা চাওয়া হয়েছিল, হুবহু তেমনটাই সরবরাহ করা হয়েছে।
শুভমন গিলের নেতৃত্বাধীন দল চতুর্থ ইনিংসে ১২৪ রান তাড়া করতে গিয়ে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায়, যা টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বনিম্ন চতুর্থ ইনিংসের স্কোর। অসম বাউন্স ও অতিরিক্ত টার্নের কারণে পিচটি সমালোচনার মুখে পড়ে। এর মাঝেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও জানিয়েছিলেন, ভারতীয় দলের অনুরোধ মেনেই উইকেট তৈরি করা হয়েছে।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে গম্ভীর একই সুরে বলেন, “এটি খেলার অযোগ্য উইকেট ছিল না। আমরা ঠিক যেমন চেয়েছিলাম, ঠিক তেমনই পিচ পেয়েছি। কিউরেটর, সুজন মুখার্জী, খুব সহযোগিতা করেছেন। টস যাতে গুরুত্বপূর্ণ না হয়ে দাঁড়ায়, সেজন্যই আমরা প্রথম দিন থেকে স্পিন সহায়ক পিচ চেয়েছিলাম।” কোচের মতে, এই পিচে খেলা টেকনিক, মানসিক দৃঢ়তা এবং টেম্পারমেন্টের পরীক্ষা ছিল। তিনি বলেন, “যদি আপনি লম্বা সময় ধরে ব্যাট করতে চান, তাহলে রান করা সম্ভব। কিন্তু যদি আপনি আক্রমণাত্মক মানসিকতায় থাকেন, তবেই সমস্যা হবে।”
এই প্রসঙ্গে তিনি টেম্বা বাভুমা (অপরাজিত ৫৫) এবং ওয়াশিংটন সুন্দরের (৩১) ইনিংসের উদাহরণ তুলে ধরেন। গম্ভীর বলেন, “পিচে কোনও ‘জুজু’ ছিল না। অক্ষর, টেম্বা, ওয়াশিংটন—সবাই রান করেছে। যারা ভালো ডিফেন্স নিয়ে খেলেছে, তাঁরা রান পেয়েছে।” পিচকে স্পিন সহায়ক বলা হলেও, গম্ভীর মনে করিয়ে দেন যে, ‘অধিকাংশ উইকেট কিন্তু পেসাররাই নিয়েছেন।’
প্রসঙ্গত, এই হারের মধ্য দিয়েই চ্যালেঞ্জিং ঘরের কন্ডিশনে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা আবারও প্রকাশ পেল, যার ফলে দক্ষিণ আফ্রিকা ১৫ বছরের মধ্যে ভারতে তাদের প্রথম টেস্ট জয় ছিনিয়ে নিল। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতীয় ব্যাটিংয়ে প্রয়োজনীয় ধৈর্য দেখা যায়নি বলেই মনে করা হচ্ছে।
অপরদিকে, ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের জন্য তৈরি উইকেটে দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সিমন হার্মারের ম্যাচ জুড়ে ৮ উইকেট শিকারই কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ঘরের মাঠে শেষ ছয় টেস্টে এটি ভারতের চতুর্থ হার। এই ফলাফল আবারও স্পিন সহায়ক পিচে ভারতীয় ব্যাটসম্যানদের কৌশল এবং মানসিকতা নিয়ে বিতর্ক উস্কে দিল।

