উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঞ্চে তখন বিজেপির সেকেন্ড ইন কমান্ড তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তার সামনেই বাংলায় পরিবর্তনের ডাক দিলেন অভিনেতা রাজনীতিক মিঠুন চক্রবর্তী। সদ্য দাদাসাহেব ফালকে পুরষ্কার পেয়েছেন মিঠুন। এদিন সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘মহাগুরু’। তাঁকে ধুতি-পাঞ্জাবিও উপহার দেন অমিত শা।
এরপরই কার্যত হুংকার ছাড়েন মিঠুন। বলেন, ‘আজ অভিনেতা হিসেবে নয়, আমি সেই ষাটের দশকের মিঠুন চক্রবর্তী বলছি। আমি রক্তের রাজনীতি করেছি। তাই রাজনীতির মারপ্যাঁচ আমার কাছে নতুন নয়। জানি, কোন পদক্ষেপে কোন কাজ হবে।’ বিজেপি কর্মীরা আক্রান্ত হলে প্রত্যাঘাত হবে বলেও হুঁশিয়ারি দেন মিঠুন। তিনি বলেন, ‘কথা দিলাম, ২৬-এ এই মসনদ আমাদের হবে। তার জন্যে যা করতে হয় করব।’ গত নির্বাচনের সময়ে ২৭ দিন প্রচার করলেও বিজেপি ভাল ফল না করায় দুঃখ পেয়েছেন বলেও জানান তিনি।



