উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজয়ী হওয়ার পর এখনও মাঠে না নামলেও আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল ভারত। মঙ্গলবার আইসিসি যে তালিকা প্রকাশ করেছে, তাতে ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে নীল জার্সিধারীরা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুফল হাতেনাতে পেল মেন ইন ব্লু (ICC T20 Rankings 2026 India Top)।
মঙ্গলবার আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বশেষ ক্রমতালিকায় বিশ্বসেরার সিংহাসন ধরে রাখল ভারত। ২০২৪ সালের পর ২০২৬ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা সূর্যকুমার যাদবের দল বর্তমানে ফর্মের তুঙ্গে রয়েছে। মাঠের সেই দাপুটে পারফরম্যান্সের প্রতিফলন ঘটেছে আইসিসির এই নতুন তালিকায়, যেখানে ভারত ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে। ভারতের ঠিক পরেই ২৬২ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, যারা গত বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে পরাজিত হয়েছিল।


ক্রমতালিকার পরবর্তী অবস্থানগুলোতেও হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা গিয়েছে। ২৫৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং গত বিশ্বকাপের রানার্স-আপ নিউজ়িল্যান্ড ২৪৭ রেটিং নিয়ে দখল করেছে চতুর্থ স্থান। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা ২৪৪ রেটিং নিয়ে পঞ্চম এবং পাকিস্তান ২৪০ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ (২৩৩), বাংলাদেশ (২২৫), শ্রীলঙ্কা (২২১) এবং আফগানিস্তান (২২০) যথাক্রমে সপ্তম থেকে দশম স্থান অধিকার করেছে। জিম্বাবোয়ে গত বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্সের মাধ্যমে ২০২ রেটিং নিয়ে আয়ারল্যান্ডকে (১৯৯) টপকে তালিকায় ১১ নম্বরে উঠে এসেছে। বাংলাদেশের পরিবর্তে আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া স্কটল্যান্ডও ক্রমতালিকায় উন্নতি করেছে। সব মিলিয়ে, বিশ্বজয়ের পর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া বর্তমানে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে।

