উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-আমেরিকার মধ্যে বিভিন্ন কারণে অনেকদিন থেকে ঝুলে রয়েছে বাণিজ্য চুক্তি। তাই এবার ভারতের (india) তরফে ওই চুক্তি সম্পন্ন করার জন্য বার্তা দেওয়া হল। বৃহস্পতিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল (Piyush Goyal) বলেন, ট্রাম্প প্রশাসন যদি সত্যিই মনে করে ভারতের প্রস্তাবে তারা সন্তুষ্ট, তাহলে অবিলম্বে মুক্ত বাণিজ্য চুক্তিতে (India US free trade agreement) মার্কিন যুক্তরাষ্ট্রের সই করা উচিত। গত দুই দিন ধরে নয়াদিল্লিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলা বাণিজ্য বৈঠকের পরই এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী।
ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার আগেই জানিয়েছিলেন, ভারতের তরফে যে বাণিজ্য প্রস্তাব (Trade talks) দেওয়া হয়েছে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র আগে কখনও পায়নি। তবে ভারতের প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি গয়াল।
একটি সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, বাণিজ্য মন্ত্রকের কর্মকর্তারা এদিন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অগ্রগতির মূল্যায়ন করেছে এবং বিভিন্ন নিয়ন্ত্রক বিষয়, বিনিয়োগ কাঠামো নিয়ে মতবিনিময় করেছে।
পীযূষ গয়াল জানান, এখনও পর্যন্ত দুই পক্ষই পাঁচ দফা আলোচনায় বসেছে। এবারও দিল্লিতে দুই দিনের আলোচনার শেষে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের কথায়, এই আলোচনা ছিল উদ্দেশ্যমূলক এবং ইতিবাচক। সাম্প্রতিক এব্যপারে দুই দেশের মধ্যে বৈঠকই প্রমাণ করেছে যে দুই সরকারেরই তাদের মধ্যে দ্রুত চুক্তি সম্পন্ন করতে উদ্যত হয়েছে।
মার্কিন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পীযূষ গয়ালের পাশাপাশি ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল এবং একাধিক মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ভারতীয় কর্মকর্তাদের মতে, তাঁদের এই সফর রাজনৈতিক স্তর থেকে পাওয়া দিকনির্দেশকে আরও শক্তিশালী করেছে।
এখন দুই দেশের তরফে বাণিজ্য চুক্তির প্রথম ধাপের কাজ শেষ করতে চাইছে। প্রথম ধাপে থাকছে যুক্তিসঙ্গত শুল্ক করা, পরিষেবা খাতে প্রবেশাধিকার, ডিজিটাল ট্রেড এবং দীর্ঘদিন ধরে চলা কয়েকটি বাণিজ্যগত সমস্যার সমাধান।
শুল্ক নিয়ে ভারত-আমেরিকার টানাপড়েনের মধ্যে বৃহস্পতিবার ফোনে কথা বলেন নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করেছেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও আলোচনা করেছেন।
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর এক্স–এ মোদি লেখেন, “আমেরিকার (America) প্রেসিডেন্ট ট্রাম্পের (Trump) সঙ্গে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়ে আমরা পর্যালোচনা করলাম। আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আমাদের কথা হয়েছে। ভারত ও আমেরিকা বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে একসঙ্গে কাজ করে যাবে।”

