শিলিগুড়ি: অবৈধ নির্মাণের অভিযোগ পেলেই তা গুঁড়িয়ে দিচ্ছে শিলিগুড়ি পুরনিগম। শহরে অবৈধ নির্মাণ বরদাস্ত নয়, ফুটপাত রাস্তাঘাটে দখলদারি নয়, সাফ জানিয়েছে শিলিগুড়ি পুরনিগম। শহরের যানজট নিয়ন্ত্রণে আনতে এবং শহরের বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছেন মেয়র গৌতম দেব। আর এই অভিযোগ কানে এলেই বুলডোজার, হাতুড়ি হাতে যাচ্ছেন পুরকর্মীরা। বুধবারও তার ব্যতিক্রম হল না। একটি অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি পুরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালাল পুরকর্মীরা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় একটি হাইড্রেনের ওপরে টিনের সেড দিয়ে অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছিল। সেই অভিযোগ পাওয়ামাত্রই আজ পুরনিগমের কর্মীরা গিয়ে সেই অবৈধ নির্মাণ ভেঙে দেয়। পুরনিগমের তরফ থেকে জানানো হয়েছে, আগামীতেও এরকম অবৈধ নির্মাণের অভিযোগ এলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।

