উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন ডাক্তার উজমা খানুমকে (Uzma Khanum) কারাগারে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। সে দেশের শীর্ষ প্রসাসনিক সূত্র এই খবর জানিয়েছে। সূত্রের খবর, উজমা খানুম একজন চিকিৎসক হওয়ায় তাঁকে এই অনুমতি দেওয়া হচ্ছে। ইমরান খানের ‘কারাগারের গোপনীয়তা’ ঘিরে আন্তর্জাতিক নজরদারি ও জাতীয় নিরাপত্তা উদ্বেগের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হল।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, নিরাপত্তা ও সংবেদনশীলতার কারণে তাঁর অন্যান্য বোনেদের এখনও সাক্ষাতের ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা কম। যদি ডাক্তার উজমা খান প্রবেশাধিকার পান, তবে সেই বৈঠকটি হবে সংক্ষিপ্ত এবং ফোন ছাড়া।
অনুমান করা হচ্ছে, পাক কর্মকর্তারা প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে অবিলম্বে যে কোনও তথ্য ফাঁস হওয়া আটকাতে বদ্ধপরিকর। মনে করা হচ্ছে পাক নিরাপত্তা সংস্থাগুলি এই বিষয়ে উদ্বিগ্ন যে, যদি সব বোনকে দেখা করার অনুমতি দেওয়া হয়, তবে ইমরানের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য প্রকাশ পেলে জনপ্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, ইমরানের আরেক বোন আলেমা খান পাকিস্তানি সরকারের বিরুদ্ধে তাঁর পরিবার এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের বিরুদ্ধে “পূর্ব-পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা”-র অভিযোগ এনে সুর চড়ানোর একদিন পরেই এই ঘটনা ঘটল।
আলেমা অভিযোগ করেছিলেন যে, কর্তৃপক্ষ ইমরান খান ও পিটিআই-কে চুপ করাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে এবং এই নিপীড়ন “অর্থনৈতিক শ্বাসরোধের” মাধ্যমে আর্থিক ক্ষেত্রেও প্রসারিত হয়েছে। তিনি সতর্ক করে দেন যে, “এই পদক্ষেপগুলি পিটিআই নেতৃত্বকে পঙ্গু করার বৃহত্তর অভিযানের অংশ।” উল্লেখ্য, গত দুবছর ধরে ইমরান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। সেই আবহেই এবার উজমার সঙ্গে ইমরানের এই ‘সাক্ষাৎ’ কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার।

