মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

IND-Sri Lanka | ফুটছেন ভ্যানডারসে, বাঁচার ম্যাচে স্পিন-কাঁটা সরানোর চ্যালেঞ্জ রোহিতদের  

শেষ আপডেট:

কলম্বোঃ নির্ণায়ক ম্যাচের আগে প্র্যাকটিস সেশন। গত দুই ম্যাচের ধাক্কা কাটিয়ে নেওয়ার বাড়তি তাগিদ। রোহিত শর্মার নজর অবশ্য মাঝের বাইশ গজে। এক ফাঁকে প্রেমদাসা স্টেডিয়ামের এক গ্রাউন্ড স্টাফের সঙ্গেও কথাবার্তা। অনেকে যে দৃশ্য থেকে দুয়ে দুয়ে চার করছেন।

অবশ্য বাস্তব হল, পিচ নিয়ে কোনওরকম ‘বন্ধুত্বের’ অবকাশ নেই টিম ইন্ডিয়ার জন্য। ‘স্পিন সর্বস্ব’ পিচেই সিরিজ বাঁচানোর দ্বৈরথ। রবিবার দ্বিতীয় ম্যাচে হার বিশ্বজয়ীদের মেজাজ কিছুটা বিগড়ে দিয়েছে। আগামীকাল আবার সিরিজ হারের আতঙ্ক।

ব্যাট-বলের গুরুত্বপূর্ণ দ্বৈরথে টস নিঃসন্দেহে বড় ফ্যাক্টর। প্রথম দুই ম্যাচে আগে ব্যাটিংয়ের সুবিধা পেয়েছে শ্রীলঙ্কা। টার্নিং পিচে পরে ব্যাটিংয়ের চাপ সামলাতে গিয়ে বেলাইন তারকাখচিত ভারতীয় ব্যাটিং লাইনআপ।

রোহিত বরাবর একটা কথাই বলেন, পরিস্থিতি যেমনই হোক, মানিয়ে নিতে হবে। টস নিয়ে ভাবতে চান না। যদিও আশঙ্কা কাটাতে চরিথ আসালাঙ্কার সঙ্গে আগামীকাল টস করতে নামার সময় মনে মনে ভাগ্যদেবতার কাছে প্রার্থনা করবেন হিটম্যানও।

ভারতীয় ব্যাটিং বিপর্যয়ের কোনো যুক্তিই অবশ্য খাটছে না। সাম্প্রতিক-অতীতে স্পিনের বিরুদ্ধে বারবার ব্যর্থতার পুনরাবৃত্তি। প্রশ্ন তুলে দিচ্ছে বর্তমান ভারতীয় ব্যাটারদের স্পিন-দক্ষতা নিয়ে। দৃষ্টিকটু লাগছে বিরাট কোহলির স্পিন-ঠকঠকানিও। ২৭ হাজার আন্তর্জাতিক রান থেকে ৭৮ রান দূরে। যদিও অভিজ্ঞতার পুঁজি কাজে আসছে না!

বিরাট-অনুরাগী প্রাক্তন পাক ব্যাটার বাসিত আলিও যে ‘ব্যর্থতার’ কারণ খুঁজে পাচ্ছেন না। অবাক স্পিনের মুখে বিরাটের টলে যাওয়া দেখে। আগামীকাল ছবিটা বদলাবে তো? গত ম্যাচে হাফডজন উইকেট নিয়ে জেফ্রি ভ্যানডারসে কিন্তু ফুটছেন।

রোহিত শর্মা অপরদিকে রানের মধ্যে (দুইটি হাফ সেঞ্চুরি সহ ১২২ রান)। সমস্যা হল, হিটম্যান ফেরার পর ধস নামছে। কেঁপে যাচ্ছেন শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলরা। এদিন সাংবাদিক সম্মেলনে ওয়াশিংটন সুন্দর বলেন, ‘ব্যক্তিগতভাবে হাল খুঁজে নিতে হবে ব্যাটারদের। গৌতম গম্ভীর স্পিনের বিরুদ্ধে দক্ষ ব্যাটার ছিলেন। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন সবার সঙ্গে।’

শ্রীলঙ্কান স্পিনার ‘চাপ’ আলগা করতে পালটা মারের স্ট্র্যাটেজিতে ঋষভ পন্থকে ফেরানোর তোড়জোড়ও থাকছে। বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্থর, প্রতিকূল পিচে ঋষভের প্রতি আক্রমণ দিশা দেখিয়েছিল। উঁকি মারছে রিয়ান পরাগের ওডিআই-অভিষেকের সম্ভাবনাও। কারণ, প্রেমদাসার পিচে রিয়ানের স্পিন বিকল্প হতে পারে।

প্রশ্ন ভ্যানডারসে-আসালাঙ্কাদের স্পিন-জাল কাটার দায়িত্ব কে নেবে? ক্রিস গেইলের ৩৩১ ছক্কা থেকে দুই ধাপ দূরে থাকা রোহিতকে আরও দায়িত্ব নিতে হবে। রান পেলেও বাড়তি জুঁকিতে উইকেট উপহার দিলে চলবে না। অক্ষর প্যাটেলের থেকেও ফের লড়াকু ইনিংসের প্রত্যাশা। সুন্দরের কথায়, শুধু সিরিজের নিরিখেই নয়, কঠিন পরিস্থিতিতে পাওয়া সাফল্য আগামীতে রসদ জোগাবে। জানালেন, অলরাউন্ড ভূমিকাতে সাফল্য পেয়ে দলের ভরসার মর্যাদা রাখতে চান নিজেও।

কূলদীপ যাদব, মহম্মদ সিরাজ সহ বোলারদের জন্যও কঠিন চ্যালেঞ্জ। চাপের মুখে পাথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্ডো, দুনিথ ওয়েল্লালাগে, কামিন্দু মেন্ডিসদের প্রতিরোধ নজর কেড়েছে ওডিআই সিরিজে। আগামীকাল যা আটকাতে বোলিংয়ে ‘টিম এফোর্ট’ জরুরি। গুরুত্বপূর্ণ প্রতিটি রান, প্রতিটি উইকেট।

এখন দেখার বাঁচার ম্যাচে শুভমান গিল, রোহিতদের দিয়ে বোলিং বিলাসিতা গম্ভীররা ফের দেখান কিনা?

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

ICC T20 World Cup | মুস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির, বিসিবির দাবি নিয়ে প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20...

ICC T20 World Cup | পন্থের পর ছিটকে গেলেন সুন্দরও! কিউয়ি সিরিজের দলে বড় চমক, প্রথমবার ডাক পেলেন আয়ুষ বাদোনি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World...

Laxmi Ratan Shukla | ভোট-নথিতে গরমিল! সামির পর এবার এসআইআর শুনানিতে ডাক বাংলার কোচ লক্ষ্মীরতনকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহম্মদ সামির পর এবার এসআইআর শুনানিতে...