রবিবার, ৮ মার্চ, ২০২৬

India VS Netherlands | শূন্যের হ্যাটট্রিক অভিষেকের, শিবম-হার্দিকের ঝড়ে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল ভারত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ম্যাচটি (India VS Netherlands) ছিল কার্যত নিয়মরক্ষার, কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর ছিল ওপেনার অভিষেক শর্মার ফর্মে। তবে ডাচদের বিরুদ্ধেও ভাগ্য বদলালো না এই বাঁহাতি ব্যাটারের। শূন্যের গেরো কাটাতে ব্যর্থ হয়ে উল্টে চলতি বিশ্বকাপে শূন্য রানের হ্যাটট্রিক করে বসলেন তিনি। যদিও শেষ দিকে শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে চড়ে লড়াকু স্কোর খাড়া করে ১৭ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু শুরুতেই ধাক্কা খায় ভারত। আর্যন দত্তের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন অভিষেক শর্মা (০)। আমেরিকা ও পাকিস্তানের পর এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধেও খাতা খুলতে পারলেন না তিনি। পরিসংখ্যান বলছে, গত সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসের মধ্যে পাঁচটিতেই শূন্য রানে আউট হয়েছেন এই ওপেনার। রান পাননি ঈশান কিষাণও (১৮)। অধিনায়ক সূর্যকুমার (৩৪) ও তিলক বর্মা (৩১) কিছুটা লড়াই করলেও ভারতের ইনিংস বড় রানের পথে এগোচ্ছিল না।

একসময় মনে হচ্ছিল ভারত দেড়শোর আশেপাশে থমকে যাবে, ঠিক তখনই জ্বলে ওঠেন শিবম দুবে। মাত্র ২৫ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অন্য প্রান্তে তাঁকে যোগ্য সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার মাত্র ৩৫ বলে যোগ করেন মূল্যবান ৭৬ রান। শিবম দুবে ৩১ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন (৪টি চার ও ৬টি ছক্কা)। হার্দিক পান্ডিয়া ২১ বলে ৩০ রান করে আউট হলেও, এদিন টি-টোয়েন্টি ক্রিকেটে ৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান তোলে ভারত।

১৯৪ রানের বড় লক্ষ্যমাত্রা নিয়ে তাড়া করতে নেমে নেদারল্যান্ডস লড়াই চালালেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে লক্ষ্যভ্রষ্ট হয়। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে ডাচদের ইনিংস। ১৭ রানে ম্যাচ জিতে বিশ্বকাপে নিজেদের দাপট বজায় রাখল ভারত। নেদারল্যান্ডসের পক্ষে আর্যন দত্ত ১৯ রানে ২ উইকেট নিলেও ভ্যান বিক ৪ ওভারে ৫৬ রান দিয়ে বেশ খরচসাপেক্ষ প্রমাণিত হন। ভারতের বরুণ চক্রবর্তী বিপক্ষের ৩ উইকেট তুলে নিয়েছেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

All England Open 2026 | ব্যাডমিন্টনের মক্কায় লক্ষ্যের দাপট, অল ইংল্যান্ড ওপেন ফাইনালে বাঙালি ভারতীয় তারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ  আরও একবার বিশ্ব ব্যাডমিন্টনের মক্কায়...

Middle East War | তেহরানকে চরম হুঁশিয়ারি রিয়াধের, সৌদিতে হামলা হলে যুদ্ধের পথে হাঁটবে সৌদি আরবও  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান থেকে ছোড়া ড্রোন ও...

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...